প্রীতি পোদ্দার, কলকাতা: কালীপুজোর পর সবে শীতের আমেজ পেতে শুরু করেছে বঙ্গবাসী। ভোরে ও রাতে ভালোই শীতের হিমেল পরশ গায়ে মাখতে শুরু করেছে বাংলা। আগামীকালও (Weather Tomorrow) শুষ্ক ও শীতল থাকবে আবহাওয়া। এদিকে কার্তিক মাস প্রায় শেষের মুখে। কিন্তু এমতাবস্থায় ফের ঘুর্ণিঝড়ের চোখরাঙানি দেখা গেল। জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘনীভূত হয়ে ফের ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। যার প্রভাব পড়তে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal)।
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়
ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবহাওয়ার অনুকূল পরিস্থিতি অনুযায়ী সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবণতা বেশ বাড়ছে। যার ফলে আগামী মঙ্গলবার থেকে ২২ নভেম্বর পর্যন্ত পূর্ব ভারতের উপকূলবর্তী রাজ্য এবং বাংলাদেশের উপকূল ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ছত্তিশগড়, তামিলনাড়ু, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্ব ভারতের কিছু এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক এবং শীতল আবহাওয়া দেখা যাবে। সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। শীত শীতভাব অনুভূত হবে দিন রাত। তবে ঘূর্ণিঝড়ের দাপটে এই শীতের দিনেও হবে বৃষ্টি। জানা গিয়েছে, আগামী বুধবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে হতে পারে বৃষ্টি।
এছাড়াও আগামী সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে এই সমস্ত জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে এখন আপাতত কলকাতা ও আশপাশের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে আশা রাখছে হাওয়া অফিস। আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। তবে শোনা যাচ্ছে উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে না।
আরও পড়ুন: কালীপুজোর বিসর্জনে রক্তারক্তি! বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন ২৮ বছরের আদিত্য
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে আবহাওয়া মূলত শুকনোই থাকবে। হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল, রবিবার, উত্তরবঙ্গের সমগ্র জেলায় সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যাবে। শীতের আমেজ সেখানে বেশ ভরপুর। আশা করা যাচ্ছে, আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা দু’ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এমনকি তার পরের চার দিনে আবহাওয়ার আর তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।