সৌভিক মুখার্জী, কলকাতা: রাতারাতি নিখোঁজ সদ্যজাত সন্তান। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর (Durgapur) মহকুমা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। কালীপুজোর দিন এক পুত্র সন্তানের জন্ম দিলেও সন্তানকে মায়ের কোলে দেওয়া হয়নি। সন্তানটি মৃত বলে দাবি করে সদ্যজাতকে মর্গে রাখা হয়েছে বলেই জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর প্রকাশ্যে আসা মাত্রই সদ্যজাতের পরিবারের সদস্য এবং বিজেপি কর্মীরা হাসপাতাল চত্বরে শুরু করেছেন অবস্থান বিক্ষোভ।
দুর্গাপুর হাসপাতাল থেকে উধাও সদ্যজাত সন্তান
স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, কালীপুজোর দিন পুত্র সন্তানের জন্ম দিয়েছিল করঙ্গপাড়ার এক প্রসূতি। তবে সেই সন্তানকে একবারও মায়ের কোলে দেওয়া হয়নি বলেই অভিযোগ। শুক্রবার পরিবারের তরফ থেকে বিজেপি কর্মীদের কাছে বিষয়টি জানানো হয়। সেই দিন সন্ধ্যাতেই বিজেপির মহিলা মোর্চার সদস্যরা হাসপাতালে পৌঁছে বিক্ষোভ দেখান এবং ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছয় পুলিশ এবং প্রশাসনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
এ বিষয়ে বিজেপির মহিলা মোর্চার সভাপতি চৈতালি নাগ জানিয়েছেন, ওই সন্তান আদৌ জীবিত কি মৃত সে বিষয়ে পরিবারের সদস্যদের কাছে স্পষ্ট তথ্য থাকা প্রয়োজন। মৃত সন্তান জন্মালেও তা পরিবারের হাতেই তা তুলে দেওয়া উচিত ছিল। কিন্তু মায়ের কোলে একবারও সন্তানকে দেওয়া হয়নি। সদ্যজাত সন্তান অন্যত্র পাচার হয়ে গিয়েছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে এ বিষয়ে হাসপাতাল সুপার জানিয়েছেন, হাসপাতালের মর্গেই শিশুর দেহ রাখা আছে।
আরও পড়ুন: মিলবে একাধিক প্রকল্পের সুবিধা, নভেম্বরে কবে বসছে সেবা সেতু ক্যাম্প?
ওই প্রসূতির পরিবারের এক সদস্যের কথায়, “দিদিকে জানিয়ে প্রথমে আমরা পেশেন্টকে হাসপাতালে ভর্তি করিয়েছি। বাচ্চা হওয়ার পর থেকে বাচ্চা আমাদের দিচ্ছে না। বাচ্চা দেখাচ্ছেও না। তবে ওরা বলছে বাচ্চা মরা হয়েছে। কিন্তু আমরা বলেছি যে বাচ্চাটাকে আমাদের অন্তত দেখাও। কিন্তু ওরা বলেছে বাচ্চা দেখানো হবে না। এমনকি পুলিশ কেস হবে বলেই জানিয়েছে। বাচ্চা আমরা পাইনি এবং দেখতেও দেয়নি। এমনকি যার বাচ্চা হয়েছে অর্থাৎ মাকেও বাচ্চা দেখায়নি। সে মানসিকভাবে বিষাদগ্রস্ত।”