সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে বাংলায় বিজেপি সরকার গঠন করলেও নিম্নস্তরের নেতাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এবার সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ (Shankar Ghosh)। শনিবার রাতে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “মন্ত্রী হলেই সব কিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।” এই পোস্ট সামনে আসতেই তাঁর অনুরাগী এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে ছড়িয়েছে গুঞ্জন। কীসের ইঙ্গিত দিলেন বিধায়ক?
সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট শংকর ঘোষের
শনিবার রাতেই সামনে আসে মন্ত্রী শংকর ঘোষের ওই পোস্ট। সেখানে তিনি বড় বড় হরফে একটি ব্যানারের উপর লিখেছেন, “মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।” আর ওই ব্যানারের নিচে মন্ত্রী শংকরের নিজের ছবি রয়েছে। পাশাপাশি নিচে লেখা রয়েছে, ড. শংকর ঘোষ (বিধায়ক, শিলিগুড়ি। ভারপ্রাপ্ত মন্ত্রী, সংসদীয় মন্ত্রক ও পর্যটন দপ্তর)। এমনকি তিনি ক্যাপশনেও লিখেছেন, “মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না।” শংকরের এই পোস্ট সামনে আসতেই ছড়িয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন।
এদিকে পর্যটন মন্ত্রী শংকর ঘোষের এই লেখাকে সমর্থন জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পর্যটন মন্ত্রীকেই সমর্থন করে বলেছেন, “সমাজে প্রত্যেক নাগরিকের একটা দায়িত্ব থাকে। আর মন্ত্রীর দায়িত্বটা আরও অনেক বেশি। কারণ, মন্ত্রীকে মানুষ দেখে। আর সেখানে মন্ত্রী যদি নিয়ম না মানেন, তাহলে প্রশ্ন তো উঠতে শুরু করবেই।”
আরও পড়ুন: আরও চওড়া হবে দিঘা যাওয়ার রাস্তা, কোথা থেকে কত অবধি? শুরু NH116B সম্প্রসারণের কাজ
দিলীপ আরও বলেন, “শুধু মন্ত্রী নয়। প্রত্যেকেরই সীমার মধ্যে থাকা উচিত। নাগরিকদেরও একটা দায়িত্ব রয়েছে। সমাজের জন্য এমন কিছু বক্তব্য না বলা, যেটা অন্যকে আহত করে। রীতিনীতি সংবিধানের পরম্পরার বাইরে প্রত্যেক মানুষেরই একটা নিজস্ব দায়িত্ব রয়েছে। স্বাভাবিক মন্ত্রী যে লোক দেখে, তিনি নিজে আগে সংবিধানের আধারে চলবেন তো? নাহলে বাকিরা প্রশ্ন তুলবেই।” তবে এই পোস্টের মাধ্যমে ঠিক কী বোঝাতে চাইছেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী, তা এখনও স্পষ্ট নয়। এমনকি শংকরের মুখ থেকেও এ বিষয়ে কোনও বিবৃতি মেলেনি।