বিক্রম ব্যানার্জী, কলকাতা: তাঁর বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) প্রাক্তন চেয়ারম্যান লোলিত মোদির (Lalit Modi) বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনেছে একাধিক সংস্থা। সেই সব ঘটনার পর 2010 সালে ভারত ছেড়ে লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। একাধিক সংস্থা তাঁর উপর নজরদারি চালানো থেকে শুরু করে তাঁকে কোটি কোটি টাকা জরিমানা করলেও মোদি স্পষ্ট করে জানিয়েছিলেন আইন আদালতের হাত থেকে বাঁচতে দেশ ছাড়েননি তিনি, বরং রাজনৈতিক চাপের কারণেই ব্রিটেনে চলে যান IPL এর প্রাক্তন চেয়ারম্যান। এবার সেই লোলিত মোদিই ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করলেন।
ব্রিটিশ নাগরিকত্ব পেলেন মোদি
গত শনিবার, আনুষ্ঠানিকভাবে মোদিকে ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হয়। হাতে পান নাগরিকত্বের সার্টিফিকেট। গতকাল অর্থাৎ 14 নভেম্বর, অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়ে গোটা বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। তাছাড়াও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণের কথা জানিয়েছেন ভারত ছেড়ে যাওয়া মোদি। তিনি জানিয়েছেন, গত 15 সেপ্টেম্বর, ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হয়েছিল তাঁকে। পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে সেই নাগরিকত্ব গ্রহণ করেছিলেন তিনি।
মোদি জানিয়েছেন, এতদিন পর ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণের এই মুহূর্ত তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানের। তাঁর কথায়, জীবনের বিভিন্ন পর্যায়ে নানা সংস্কৃতি এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাঁর পথ চলা। এইসব অভিজ্ঞতাই তাঁকে সমৃদ্ধ করেছে। বর্তমানে যে দেশটাকে নিজের বাড়ি বলে মনে করেন, সেই দেশটার জন্য কিছু করার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতত্যাগী লোলিত মোদি।
আরও পড়ুন: ‘বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান!’ ডেডলাইন বেঁধে দিলেন শেহবাজ
উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ভারতীয় কর্তৃপক্ষের মতে, আইপিএল পরিচালনার সময় ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং, বিড-রিগিং এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের মতো গুরুতর আর্থিক দুর্নীতির অভিযোগের মুখে পড়েছিলেন লোলিত মোদি। একটি সাক্ষাৎকারে মোদি জানিয়েছিলেন, আইনি জটিলতার কারণে নয় বরং দাউদ ইব্রাহিমের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েই দেশ ছেড়েছিলেন তিনি।