আনিষা চৌধুরী, কলকাতা: আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছিলেন তাঁর মা রত্না দেবনাথ (Ratna Debnath)। এতদিন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁকে পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড় করায় বিজেপি। নির্বাচনে জয়ী হয়ে বর্তমানে ওই কেন্দ্রের বিধায়ক হিসেবে রয়েছেন তিনি। মেয়ের মৃত্যুর বিচার এবং নারী নিরাপত্তার দাবিকে সামনে রেখেই তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল।
কী বললেন রত্না দেবনাথ?
নির্বাচনের আগে রত্না দেবনাথ জানিয়েছিলেন, রাজনীতিতে আসার অন্যতম উদ্দেশ্য মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার লড়াইকে আরও জোরদার করা। তবে এবার পানিহাটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের দল নিয়েই একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। রবিবার পানিহাটিতে বিজেপি নেত্রী রুমা সাহার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিধায়ক। সেখানেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে রত্না দেবনাথ বলেন, “আমার মনে হচ্ছে এই ফ্যামিলিটার জন্য আমি দায়ী। উনি বিজেপি করতেন। বিজেপি যদি না জিতত, তাহলেই বোধহয় ভালো হত। এই তো এর বাবা চলে গেল, আমার মেয়েটা চলে গেল।” তাঁর এই বক্তব্যে ব্যক্তিগত শোকের পাশাপাশি পরিবারের প্রতি নিজের দায়বদ্ধতার কথাও উঠে এসেছে। এর আগে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেছিলেন, “যে অন্যায় করবে, সে তৃণমূল নয়, বিজেপি নয়, সে অপরাধী। আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত।”
উল্লেখ্য, মৃত ব্যক্তির নাম অরূপ সাহা। তিনি বিজেপি কর্মী এবং পানিহাটি-১ মণ্ডলের বিজেপি নেত্রী রুমা সাহার স্বামী। অভিযোগ, এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে রুমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। স্ত্রীর পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হন অরূপ। কয়েকজন যুবকের বিরুদ্ধে তাঁকে বুকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। অরূপের মৃত্যুর ঘটনায় দলেরই একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী।
আরও পড়ুন: আর মিলবে না SC সার্টিফিকেট! ঝাড়গ্রাম থেকে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
অরূপের পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে রত্না দেবনাথের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে। বিজেপির জয়ের পরেও দলের অন্দরের সংঘাত এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে তাঁর উদ্বেগ স্পষ্ট। তবে তাঁর বক্তব্যের শেষাংশে রাজনৈতিক অবস্থানের চেয়েও একজন অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং সন্তানহারা মায়ের ব্যক্তিগত যন্ত্রণাই বেশি করে ধরা পড়েছে।