আনিষা চৌধুরী, কলকাতা: হাজিরার নিয়মের বেড়াজালে আটকে পরীক্ষায় বসার অধিকার হারাচ্ছেন পড়ুয়ারা! এমনই অভিযোগ তুলে বাঁকুড়া (Bankura) খ্রিস্টান কলেজে (Christian College) বিক্ষোভে শামিল হলেন একদল ছাত্র। শুধু বিক্ষোভ দেখানোই নয়, ভারপ্রাপ্ত প্রিন্সিপালের অফিসে তালা ঝুলিয়ে তাঁকে ঘরের ভিতরেই আটকে রাখেন তাঁরা। পরীক্ষায় বসার অনুমতি না পাওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে লাগাতার অবস্থান বিক্ষোভ, হুঁশিয়ারি ছাত্রদের।
কী অভিযোগ উঠছে কলেজের বিরুদ্ধে?
এক বিক্ষোভকারী ছাত্রের দাবি, হাজিরা সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে বারবার প্রিন্সিপালের কাছে আবেদন করা হচ্ছে। অনেকেরই শারীরিক অসুস্থতা, চিকিৎসাজনিত সমস্যা কিংবা পারিবারিক কারণে কলেজে উপস্থিতির হার কমেছে। কিন্তু সেই সমস্যাগুলি বিবেচনা না করেই তাঁদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ওই ছাত্রের কথায়, “অ্যাটেনডেন্সের সমস্যার জন্য আমরা প্রিন্সিপালের কাছে আবেদন জানাচ্ছি, যাতে আমাদের সমস্যাগুলো দেখা হয় এবং আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়। আমরা এখানে আছি। আরও অনেকে আছে, যারা এখনও এসে পৌঁছয়নি। আমাদের মধ্যে অনেকের মেডিক্যাল প্রবলেম আছে, অনেকের পারিবারিক সমস্যা আছে। আর এই জন্য আমাদের অ্যাটেনডেন্স অনেকটাই কমে গিয়েছে। আমরা চাই, আমাদের সমস্যাটা যেন দেখা হয় এবং পরীক্ষায় বসতে দেওয়া হয়।”
এদিকে, খবর পেয়ে কলেজে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে ঘেরাওমুক্ত করার চেষ্টা করা হলেও তাতে সাফল্য মেলেনি। নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, হাজিরা ৫০ শতাংশের কম থাকা সত্ত্বেও কয়েকজন পড়ুয়াকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে। অথচ বিক্ষোভকারীদের মধ্যে কারও বাবা মারা গিয়েছেন, কেউ শারীরিক অসুস্থতায় ভুগছেন, আবার কারও রয়েছে গুরুতর পারিবারিক সমস্যা। এই পরিস্থিতিগুলি কলেজ কর্তৃপক্ষের সামনে আনা সত্ত্বেও মাত্র কয়েক শতাংশ হাজিরার ঘাটতির কারণে তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ছাত্রদের।
এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। সংগঠনের বাঁকুড়া জেলা সংযোজক শুভজিৎ ঘোষের অভিযোগ, হাজিরার অজুহাতে রাজনৈতিক কারণে কয়েকজন পড়ুয়াকে বঞ্চিত করা হচ্ছে। পাশাপাশি কলেজের স্টাফ রুম থেকে তৃণমূলের পতাকা উদ্ধারের দাবিও তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, কলেজে সমস্ত পড়ুয়াকে সমান চোখে দেখা উচিত। ব্যক্তিগত পছন্দ বা ঘনিষ্ঠতার ভিত্তিতে পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
আরও পড়ুন: “অভিষেককে জেলে ভরা উচিত” তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক সুজন চক্রবর্তী
শুভজিৎ ঘোষ বলেন, “বিগত কয়েকদিন ধরে এই কলেজের কিছু ছাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা বলে, ‘দাদা, আমরা ৪৭ থেকে ৪৮ শতাংশ অ্যাটেনডেন্স থাকার পরেও কলেজের পরীক্ষায় বসতে পারছি না।’ আমি তাদের জিজ্ঞাসা করলাম, যে তোমাদের কী হয়েছিল? তারা বলেছে, তাদের শরীর খারাপ হয়েছিল। কারও বাবা বা মা মারা গিয়েছেন। কেউ গুরুতর অসুস্থ। আমরা চাই, যারা যোগ্য, তাদের যেন কলেজ কর্তৃপক্ষ পরীক্ষায় বসতে দেয়। আমরা খোঁজ নিয়ে দেখলাম, এই কলেজের কিছু স্টাফের ব্যক্তিগত পছন্দের মানুষ এবং যাঁরা স্টাফদের সঙ্গে খুবই মেলামেশা বা ওঠাবসা করেন, তাঁদের মধ্যে কয়েকজনের নাম অ্যাটেনডেন্স লিস্টে ৪৯ শতাংশ হওয়া সত্ত্বেও তাঁরা পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। এটা কি ঠিক? সকল ছাত্রকে একভাবে দেখুন। এখানে সবাই সমান।” এই বিক্ষোভ কি সফল হবে? পরীক্ষা দেওয়ার অনুমতি কি পাবে ছাত্ররা? এখন সেটাই দেখার।