AI কন্টেন্টের অজস্র চ্যানেল প্ল্যাটফর্ম থেকে উড়িয়ে দিচ্ছে YouTube

YouTube AI Channel

সৌভিক মুখার্জী, কলকাতা: এখন ইউটিউবে নিম্নমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর কন্টেন্টের রমরমা যেন দিনের পর দিন বেড়ে চলেছে। আর এ নিয়ে সমালোচনাও হচ্ছে। এবার সেই বিতর্কের মধ্যেই বিরাট পদক্ষেপ নিল ইউটিউব। মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা একাধিক জনপ্রিয় এআই ভিত্তিক চ্যানেল (YouTube AI Channel) হঠাৎ করেই প্ল্যাটফর্ম থেকে উধাও হয়ে গিয়েছে। হ্যাঁ, সম্প্রতি ভিডিও এডিটিং ও কনটেন্ট অ্যানালিটিক্স সংস্থা Kapwing এর রিপোর্ট অনুযায়ী, ইউটিউবে সবথেকে বেশি সাবস্ক্রাইব করা AI স্লপ চ্যানেলগুলির মধ্যে থাকা CuentosFacianantes (Fascinating Tales) আর প্ল্যাটফর্মে নেই। এই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 59 লক্ষ। এমনকি মোট ভিডিও ভিউ ছিল 120 কোটির বেশি।

কোন ধরনের কন্টেন্ট বানাত এই চ্যানেলগুলি?

Kapwing এর নভেম্বর 2025 এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, CuentosFacianantes (Fascinating Tales) মূলত ড্রাগন বল থিমে তৈরি নিম্নমানের AI ভিত্তিক কন্টেন্ট আপলোড করত। অল্প সময়ে বিপুল ভিউ এবং সাবস্ক্রাইবার জোগাড় করলেও কন্টেন্টের গুণমান নিয়ে দীর্ঘদিন ধরেই উঠছিল প্রশ্ন। এমনকি এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা Imperio de Jesus (Empire of Jesus) নামের চ্যানেলটিকেও বর্তমানে ইউটিউবে দেখা যাচ্ছে না। এদেরও প্রায় 58 লক্ষ সাবস্ক্রাইবার ছিল। এআই নির্ভর কুইজ ও ভিডিওর মাধ্যমে যীশুর প্রতি বিশ্বাসকে মজবুত করা ছিল তাদের মূল উদ্দেশ্য।

শুধু তাই নয়, Kapwing এর তালিকায় থাকা আরও অন্তত 16টি AI স্লপ চ্যানেল ইতিমধ্যেই ইউটিউব থেকে মুছে ফেলা হয়েছে। আর তাদের সমস্ত ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য চ্যানেলগুলি হল Héroes de Fantasía, Adhamali-0, Roupa25 ইত্যাদি। এছাড়াও Super Cat League নামের একটি চ্যানেল এখনও পর্যন্ত ইউটিউবে রয়েছে। তবে সেখানে বর্তমানে কোনও ভিডিও দেখা যাচ্ছে না। উল্লেখ করার বিষয়, এই সমস্ত চ্যানেলের প্রত্যেকটির সাবস্ক্রাইবার সংখ্যা 2 মিলিয়নের বেশি ছিল।

ইউটিউব কী বলছে?

যদিও চ্যানেলগুলো সরাসরি ইউটিউব মুছে দিয়েছে কিনা বা চ্যানেল মালিকরা কন্টেন্ট সরিয়ে দিয়েছে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত ইউটিউব কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমের কাছে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি সংস্থা। কিন্তু কয়েক সপ্তাহ আগে ইউটিউবের সিইও নীলমোহন এক চিঠিতে স্বীকার করেছিলেন যে, প্ল্যাটফর্মে নিম্নমানের এআই কন্টেন্টের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। তিনি জানিয়েছিলেন, স্প্যাম ও ক্লিকবেইটের বিরুদ্ধে যে প্রযুক্তি আগে থেকেই রয়েছে, তা এবার আরও শক্তিশালী করে লো-কোয়ালিটি এআই কন্টেন্টের বিস্তার বন্ধ করা হবে।

আরও পড়ুন: বাজেটের দিনই ধাক্কা, অনেকটাই বাড়ল LPG সিলিন্ডারের দাম! দেখুন নতুন রেট

আর বিশেষজ্ঞদের মতে, এই চ্যানেলগুলি উধাও হওয়া থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, ইউটিউব ধিরে ধীরে এআই-ভিত্তিক চ্যানেলগুলিকে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে। এমনকি এআই কনটেন্টের ক্ষেত্রে গুণমানকে অগ্রাধিকার দিতে বলছে তারা। কিন্তু কোন মানদণ্ডে AI স্লপ হিসেবে চিহ্নিত হবে তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়।

Leave a Comment