ATM থেকেই মিলবে ১০, ২০, ৫০ এর কয়েন, নোট! খুচরোর সমস্যা মেটাতে আসরে সরকার

Update On Hybrid ATM India For 10 20 and 50 rupees coin and notes

বিক্রম ব্যানার্জী, কলকাতা: খুচরোর সমস্যা আমজনতার বহুদিনের। হঠাৎ কিছু কেনার প্রয়োজন পড়লে খুচরো টাকা না থাকায় সমস্যায় পড়তে হয়। কাছাকাছি কোনও ATM এ গিয়েও লাভ হয় না কারণ, ATM মেশিন থেকে খুব জোর হলে 100 থেকে 500 টাকার নোট বেরোয়। কাজেই খুচরো নিয়ে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। এবার সেই সমস্যা মেটাতে ময়দানে নেমেছে কেন্দ্রীয় সরকার। বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, এবার থেকে 10, 20 এমনকি 50 টাকার কয়েন এবং নোটের জন্য বিশেষ ATM (Hybrid ATM India) চালু করার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদি সরকার।

জোর কদমে চলছে আলোচনা

ভারতের মতো উন্নয়নশীল দেশে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে, ডিজিটাল পেমেন্ট। কিন্তু তা হলেও বাস্তব চিত্র অনেকটাই আলাদা। সাধারণত, বাজারে গিয়ে প্রয়োজনীয় দ্রব্য কেনার প্রয়োজন পড়লে নগদ লেনদেন অগ্রাধিকার পায়। বহু জায়গায় UPI গ্রহণ করা হয় না। তাছাড়াও দেশে এখনও একটা বড় অংশের মানুষ রয়েছেন যারা আজ পর্যন্ত ডিজিটাল পেমেন্টের সাথে পরিচিত হয়ে উঠতে পারেননি। শব্দটি শুনে থাকলেও তা কীভাবে ব্যবহার করতে হয় জানে নেই অনেকেরই। ফলে, 10 টাকা, 20 টাকা, 50 টাকার নোটের চাহিদা থেকেই গেছে। যা আজকের বাজারে একপ্রকার দুর্লভ।

বিগত দিনগুলিতে খুচরোর সমস্যা নিয়ে বারবার নাকাল হতে হয়েছে সাধারণ মানুষকে। এবার সে কারণেই সমস্যা সমাধানের লক্ষ্যে 10, 20 এমনকি 50 টাকার কয়েন এবং নোটের জন্য হাইব্রিড ATM চালু করা যায় কিনা তা ভেবে দেখছে কেন্দ্র। একগুচ্ছ রিপোর্ট অনুযায়ী, এই ধরনের ATM গুলি থেকে সহজেই 10 টাকা 20 টাকার মতো খুচরো বের করে নিতে পারবেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, বড় নোট ভাঙিয়ে খুচরো পয়সা নেওয়ারও সুবিধা থাকবে এই ATM এ। সূত্রের খবর, মূলত বাণিজ্যিক এলাকা, হাসপাতাল, বাজার, রেল স্টেশন, বাসস্ট্যান্ডের মতো জমজমাট এবং গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে এই ধরনের ATM বসানোর পরিকল্পনা চলছে।

এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যেসব জায়গায় নগদ লেনদেনের চাপটা বেশি বিশেষ করে কলকাতার মতো গুরুত্বপূর্ণ শহর গুলিতে বেছে বেছে বেশকিছু জায়গায় 10 টাকা 20 টাকার মতো খুচরোর সঙ্কট মেটাতে হাইব্রিড ATM বসানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। তবে ভারত সরকার যেভাবে ক্রমাগত ডিজিটালাইজেশনের উপর জোর দিয়ে চলেছে তাতে খুচরোর জন্য আলাদা করে ATM বসানোর পরিকল্পনা আদৌ বাস্তব রূপ পাবে কিনা পেলেও তা কতটা দীর্ঘমেয়াদী হবে তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে। তবে এই বিশেষ সুবিধা চালু হলে আখেরে উপকৃত হবেন একটা বড় অংশের মানুষ।

 

অবশ্যই পড়ুন: ১০ বছরের পুরনো রেকর্ড ভাঙা হল না বৈভব সূর্যবংশীর

উল্লেখ্য, ছোট নোট বা খুচরোর চাহিদা মেটাতে যে বিশেষ ATM এর পরিকল্পনা নেওয়া হয়েছে তার বাস্তবতা যাচাই করতে ইতিমধ্যেই মুম্বই শহরে একটি পাইলট প্রজেক্ট চালু করেছে সরকার। এই প্রকল্পের অধীনে মুম্বইয়ে বিশেষ ATM চালু করার পর তা কতটা কার্যকরী হচ্ছে এবং এই ATM এর প্রতি সাধারণ মানুষের ঝোঁক কতটা, আদৌ মানুষের চাহিদা আছে কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment