CAA-তে আবেদন করে ৫ মাসেই ভারতীয় নাগরিকত্ব পেলেন বাংলাদেশী হিন্দু

Malda CAA Citizenship news a man got Indian citizenship certificate

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে SIR নিয়ে গরম আবহের মধ্যেই মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় CAA তে ভারতের নাগরিকত্ব পেলেন বাংলাদেশ থেকে আগত এক ব্যক্তি (Malda CAA Citizenship)। জানা যাচ্ছে, মালদার হাবিবপুর বিধানসভার অন্তর্গত বামনগোলা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভুলকিমারি গ্রামের বাসিন্দা সত্যরঞ্জন বারুই বহু আগে বাংলাদেশ থেকে এসে ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। তিনিই গত বছর আগস্টে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন। এবার তাঁর হাতেই তুলে দেওয়া হল নাগরিকত্বের শংসাপত্র।

ভারতের নাগরিক হতে পেরে উচ্ছ্বসিত সত্যরঞ্জন

খোঁজ নিয়ে জানা গেল, 1988 সাল নাগাদ বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন সত্যরঞ্জনবাবু। এরপর থেকে ভারতেই পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন তিনি। একটা সময় পৌঁছে ভেবেছিলেন ভারতের নাগরিকত্ব দাবি করবেন। সেই মতোই, গত বছর অর্থাৎ 2025 এর আগস্ট মাসে নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA র অধীনে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন তিনি। পরবর্তীতে সেপ্টেম্বরে হয় শুনানি। সেখানে অংশ নেওয়ার পর চলতি জানুয়ারিতে পাকাপাকিভাবে ভারতের নাগরিক হয়ে উঠলেন সত্যরঞ্জন। ইতিমধ্যেই পাঁচ মাসে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র।

দীর্ঘদিন ভারতে স্থায়ীভাবে বসবাস করার পর অবশেষে পাকাপাকিভাবে এদেশের নাগরিক হতে পেরে ব্যাপক উচ্ছ্বসিত মালদার বাসিন্দা। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই ব্যক্তি জানিয়েছেন, “আমি গত বছর আগস্টে আবেদন করেছিলাম। সেই মতোই হিয়ারিং। এবার নাগরিকত্বের শংসাপত্র পেলাম। খুব ভাল লাগছে।” এতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে এসেছিলেন CAA তে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যায়। সেটারই একেবারে জলজ্যান্ত উদাহরণ হয়ে রইলেন সত্যারঞ্জন।

অবশ্যই পড়ুন: দীর্ঘ ব্যর্থতার পর চ্যাম্পিয়ন হওয়ার মুখে, কীভাবে প্রিটোরিয়ার ভাগ্য বদলালেন সৌরভ গাঙ্গুলি?

বলাই বাহুল্য, বিগত বছরগুলিতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে আসা বহু মানুষ ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন। সঠিক পদ্ধতিতে ভারতীয় আইন মেনে সরকারকে সহযোগিতা করলে CAA তে তাঁরাও যে নাগরিকত্ব পেতে পারেন সেই আশায় যেন নতুন করে আলো জুগিয়েছেন মালদার বাসিন্দা। তবে তাঁর একটাই বক্তব্য, “অযথা প্ররোচনায় পা দেবেন না কেউ।” সত্যরঞ্জন বাবু মনে করেন, তিনি যেমন CAA তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন, আগামীতে ওপার বাংলা থেকে আসা মানুষজনও ধীরে ধীরে নাগরিকত্ব পাবেন।

Leave a Comment