DA ইস্যুর মাঝেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচন নিয়ে রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। কে কোন প্রার্থীকে কার বিপক্ষে দাঁড় করাবে সেই নিয়েও চলছে গভীর প্রশ্ন, আর তার উপর SIR এর চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে সকলের উত্তেজনা চরমে। এমতাবস্থায় সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। বাড়ল তাঁদের অ্যাড হক বোনাসের (Ad Hoc Bonus) বরাদ্দ।

একধাক্কায় ৬০০ টাকা বাড়ল বোনাস

গতকাল অর্থাৎ শুক্রবার অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের ‘অ্যাড-হক’ বোনাস বাড়ানো হল। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত যাঁদের মাসিক বেতন ৪৬ হাজার টাকা বা তার কম, তাঁরা পাবেন ৭,৪০০ টাকা অ্যাড হক বোনাস। গত বছর এই অ্যাড হক বোনাস ছিল ৬,৮০০ টাকা অর্থাৎ ৬০০ টাকা বেড়েছে। উল্লেখযোগ্য বিষয় হল এই সুবিধা পাবে শর্তসাপেক্ষে চুক্তিভিত্তিক কর্মী ও ছ’মাসের পরিষেবা সম্পন্ন কর্মীরাও। এছাড়াও উৎসবের অগ্রিম ভাতা ২০ হাজার টাকা থেকে ২ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ২২ হাজার টাকা। এমনকি ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে অবসর নেবেন যাঁরা এবং যাঁদের পেনশন ৪০ হাজার টাকা বা তার কম, তাঁরা পাবেন ৩,৮০০ টাকা উৎসবভাতা।

শিক্ষা কর্মীদের জন্যও রয়েছে চমক

গত বছর অবসরপ্রাপ্ত কর্মীরা পেয়েছিলেন ৩,৫০০ টাকা, অর্থাৎ এবার সেই উৎসব ভাতা বৃদ্ধি পেল ৩০০ টাকা। রাজ্য সরকার কর্মীদের যাতে সুবিধা হয় তার জন্য অগ্রিম পাওয়ার ক্ষেত্রে বেতনের উর্ধ্বসীমা বাড়িয়েছে। জানা গিয়েছে ৫২ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫৪ হাজার টাকা অর্থাৎ এক্ষেত্রেও ২০০০ টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধা পাবেন। সরকার অধীনস্থ সংস্থার যাঁদের মাসিক বেতন ১,০০০ টাকা বা তার কম, তাঁরা পাবেন ৩,৫০০ টাকা বোনাস। জানা গিয়েছে, রাজ্য সরকার ২০১৯ সালের পশ্চিমবঙ্গ চাকরি নীতি মেনে কর্মীদের এই বোনাস দেবে। তবে এর মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনও ভাতা সংযুক্ত হবে না। জানা গিয়েছে ইদ ও শারদোৎসবের আগে এই অ্যাড হক বোনাস প্রদান করা হবে।

আরও পড়ুন: কৃষকরা পাবে ন্যায্য মূল্য, আলুর দাম নিয়ে বড় ঘোষণা নবান্নর

উল্লেখ্য, রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই বোনাস পাবেন। মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মীরা ইদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগে এই বোনাস পেয়ে যাবেন। এদিকে দীর্ঘদিন ধরেই মহার্ঘ ভাতা বা DA-র দাবিতে আন্দোলন চালিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টও রাজ্যকে ২৫ শতাংশ DA ৩১ মার্চের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে। এবং বাকি ৭৫ শতাংশের জন্য গঠন করে দেওয়া হয়েছে বিশেষ কমিটিও। এই অবস্থায় অ্যাড হক বোনাসের ঘোষণা স্বাভাবিকভাবেই মনে কৌতূহল তৈরি করছে। প্রশ্ন উঠছে তবে কি ভোট পাওয়ার জন্যই এসব পদক্ষেপ মমতার?

Leave a Comment