প্রীতি পোদ্দার, কলকাতা: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA) দেওয়া এবং বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে দীর্ঘ দিন ধরে আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। অবশেষে সেই লড়াইয়ে পাশে এসে দাঁড়াল শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, মহার্ঘ ভাতা পাওয়া সরকারি কর্মীদের আইনি অধিকার। এবং বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার সময়সীমাও জানানো হয়েছে। আর তাতেই খুব খুশি কর্মীরা। এমতাবস্থায় প্রশাসনকে এক হাতে নিল সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)। শীর্ষ আদালতের রায় কার্যকর না হলে রাজ্যজুড়ে নজিরবিহীন আন্দোলনে নামার হুঁশিয়ারি তাঁদের।
DA নিয়ে সুপ্রিম কোর্টের রায়
রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বৃহস্পতিবার ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশ, বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে আগামী ৩১ মার্চের মধ্যেই। পাশাপাশি বাকি ৭৫ শতাংশ ডিএ এবং এরিয়ার সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটি রাজ্যের অর্থবাস্থ্য খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবে। শুধু তাই নয়, এরিয়ার মিটিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আর তাতেই বড় ঐতিহাসিক জয় হাসিল করল কর্মীরা।
হুঁশিয়ারি রাজ্য সরকারকে
DA মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ খুব খুশি। তিনি রীতিমত আক্রমণাত্মক সুরে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ”ডিএ আন্দোলন বাঙালি অস্মিতার লড়াই, দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের পঞ্চম পে কমিশনের DA নিয়ে লড়াই চলছে। অবশেষে হাইকোর্টের মত সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে। এবার যদি রাজ্য সরকার এই রায় মানতে গড়িমসি করে, তাহলে আমরা বড় আন্দোলনে নামব।” এছাড়াও তিনি আরও বলেন, “ এই আন্দোলন শুধুমাত্র ডিএ বাড়ানো বা বকেয়া মেটানোর জন্য নয়। এটা এ রাজ্যের প্রতিটি খেটে খাওয়া মানুষের লড়াই।”
আরও পড়ুন: শান্তিনিকেতনে তৃণমূল নেতার হোটেলে রমরমিয়ে মধুচক্র, গ্রেফতার ৪
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সংবাদমাধ্যমে জানান যে ” সুপ্রিম কোর্টের নির্দেশে বাকি ৭৫ শতাংশ DA-এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি রাজ্যের অর্থস্বাস্থ্য খতিয়ে দেখে রিপোর্ট দেবে আগামী ১৫ মে। আর সেই দিনই ফের সুপ্রিম কোর্টে শুনানি হবে। অর্থাৎ সেদিনই স্থির হবে বাকি ৭৫ শতাংশ কবে দিতে হবে।” সব মিলিয়ে, সুপ্রিম কোর্টের রায়ের পর DA ইস্যুতে রাজ্য সরকার ও কর্মচারী সংগঠনের মধ্যে সংঘাত আরও স্পষ্ট হয়েছে। এদিকে সুযোগ বুঝে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, “রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের প্রাপ্য DA দেওয়া হবে।”