প্রীতি পোদ্দার, কলকাতা: আইপ্যাক-কাণ্ডে রাজ্যে কেন্দ্রের সঙ্গে সংঘর্ষ বেশ চরমে উঠেছে। রীতিমত আইনি লড়াই শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট হয়ে বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আর এই আবহে এবার কলকাতায় আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডিরেক্টর রাহুল নবীন (ED Director Rahul Navin)। সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার তিনি কলকাতায় আসবেন। তাই আবার তিন দিনের সফরে। কিন্তু কী কারণে তাঁর এই সফর তা স্পষ্ট করেননি কেউই।
আইপ্যাক কাণ্ডে শোরগোল রাজ্যে
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি কলকাতায় তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার দফতরে তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ED। আর সেই অভিযানের সময়ই নজিরবিহীনভাবে ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ওই ঘটনায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জল গড়ায় আদালতে। অভিযোগ, তল্লাশি চলাকালীন আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়ি থেকে বেশ কিছু নথি ও ফাইল হাতে নিয়ে বেরোতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
তিন দিনের সফরে আসছেন রাহুল নবীন
আইপ্যাক দফতরে, ED-র অভিযান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে নয়, তৃণমূল কংগ্রেসের ‘চেয়ারপার্সন’ হিসেবেই সেখানে উপস্থিত হয়েছিলেন। তাঁর এই ভূমিকাকে কেন্দ্র করেই ইডির সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে রাজ্য সরকার। আপাতত আদালতের নির্দেশে ইডির বিরুদ্ধে কোনোরকম কঠোর পদক্ষেপ করা হয়নি। আর এই আবহেই আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ বৃহস্পতিবার, ইডি’র ডিরেক্টর তথা অধিকর্তা রাহুল নবীন তিন দিনের সফরে কলকাতায় আসতে চলেছেন। এক্ষেত্রে অনুমান করা হচ্ছে, আইপ্যাক প্রধান প্রতীক জৈনকে শীঘ্রই আরও একবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। তবে এ ব্যাপারে এখনো কিছু নির্দিষ্ট ভাবে জানানো হয়নি।
আরও পড়ুন: বরাদ্দ ১০২ কোটির বেশি, আবাস যোজনা নিয়ে কোচবিহারবাসীর জন্য সুখবর
ইডি সূত্রে খবর, আজ সন্ধ্যার পর রাহুল নবীন কলকাতায় আসবেন। তবে এখনও তাঁর আগমনের সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি। তবে অনেকের ধারণা, আইপ্যাকে ইডি তদন্ত অভিযানের পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে আসছেন তিনি। তাই রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে , ২০২৪ সালে সন্দেশখালিতে যখন বহিষ্কৃত তৃণমূল নেতা শাহাজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন তখন আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের, সেই সময় রাজ্যে এসেছিলেন রাহুল নবীন। আর এবার আইপ্যাক-কাণ্ডের দু’সপ্তাহের মাথায় তাঁর এই আগমন নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে।