IPL নিয়ে একগুচ্ছ কঠিন নিয়ম চালু করল BCCI, না মানলেই জরিমানা গুনতে হবে প্লেয়ারদের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) শুরু হওয়ার আগেই নতুন কিছু নিয়ম চালু করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (IPL New Rules)। সেই নিয়ম অনুযায়ী, প্লেয়ারদের ম্যাচ চলাকালীন এবং ম্যাচের আগে এবং পরে মাঠের বাইরে এবং ভেতরে বেশ কিছু বিধি-নিষেধ মেনে চলতে হবে। অন্যথায় কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে তাঁদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে যে নিয়মগুলি সামনে আনা হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খেলোয়াড়দের স্ত্রী এবং সন্তান অর্থাৎ পরিবার নিয়ে করা নিয়ম। এছাড়াও ম্যাচের মাঝে অনুশীলন নিয়েও বিশেষ নিয়ম চালু করেছে বোর্ড।

প্লেয়ারদের পরিবারের জন্য নিয়ম

ক্রিকবাজের এক রিপোর্ট অনুযায়ী, অন্যান্য সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন খেলোয়াড়দের সাথে তাঁদের স্ত্রী, সন্তান অর্থাৎ পরিবারকে রাখার সুযোগ দেওয়া হলেও এ বছর বেশ কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে। বলা হচ্ছে, অনুশীলনের দিন খেলোয়াড়রা শুধুমাত্র টিম বাসে করেই যাতায়াত করতে পারবেন। অর্থাৎ স্টেডিয়ামে আসা এবং স্টেডিয়াম থেকে যাওয়া সবটাই করতে হবে টিম বাসে। এই সময় ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা যাবে না।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নয়া নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের অনুশীলনের দিন তাঁদের পরিবার বা বন্ধুদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা থাকতে হবে। একই সাথে প্লেয়ারের পরিবারের কোনও সদস্য অনুশীলন চলাকালীন মাঠে প্রবেশ করতে পারবেন না। তাঁদের শুধুমাত্র হসপিটালিটি বক্সে থাকার অনুমতি রয়েছে। সেখান থেকেই প্রিয়জনের প্র্যাকটিস দেখার সুযোগ পাবেন তাঁরা।

অনুশীলন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম

ভারতীয় ক্রিকেট বোর্ড বলছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচের দিন মাঠে প্র্যাকটিস সেশন আয়োজন করা যাবে না। এমনকি ম্যাচের দিন মাঠের মূল অংশে কোনও রকম ফিটনেস টেস্ট করা যাবে না। অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ এর দৌড়ে এগিয়ে থাকা প্লেয়াররা অবশ্যই ম্যাচ চলাকালীন সেইসব টুপি পরে থাকবেন। অন্তত দুই ওভারের জন্য এই ক্যাপ পরতে হবে।

ম্যাচ চলাকালীন এই নিয়মগুলিও মানতে হবে

ভারতীয় ক্রিকেট বোর্ড বলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালীন খেলোয়াড়রা সরাসরি এলইডি বোর্ডে বল মারতে পারবেন না। একই সাথে এলইডি বোর্ডের সামনে বসে থাকার ব্যবস্থা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সাবস্টিটিউট বা বিকল্প প্লেয়ারের জন্য আলাদা করে নির্দিষ্ট আসন রাখতে হবে। এছাড়াও ম্যাচ চলাকালীন কোনও রকম ফেক টুপি পরা চলবে না।

অবশ্যই পড়ুন: IPL শুরুর আগেই সরকারি চাকরি পেলেন KKR-র এই প্লেয়ার

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের নয়া নিয়ম অনুযায়ী, ম্যাচের দিন সীমিত কর্মী স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। এবং প্লেয়ার ও দর্শকদের কড়া চেকিং চলবে। ম্যাচের দিন মাত্র 12 জন সহায়তা কর্মী সহ ডাক্তার উপস্থিত থাকবেন। প্রত্যেক কর্মীর অ্যাক্রেডিটেশন কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনও প্লেয়ার ম্যাচে জার্সির নম্বর পরিবর্তন করেন সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত 24 ঘন্টা আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানাতে হবে। বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মগুলি যদি কোনও প্লেয়ার না মানে সে ক্ষেত্রে প্রথমবারের মতো তাঁকে সতর্ক করা হবে। দ্বিতীয়বার একই ভুল করলে করা হবে জরিমানা।

Leave a Comment