IPL শুরুর আগেই চিন্তা বাড়ল KKR-র! ক্রিকেট থেকে বিরতি নিলেন রাহানে, অবসর নিচ্ছেন?

Ajinkya Rahane Takes break from cricket before IPL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরু হতে আর কয়েকটা মাস। সব ঠিক থাকলে, এবারেও কলকাতা নাইট রাইডার্স দলকে নেতৃত্ব দিতে পারেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। গত সিজনে সাফল্য না এলেও ফের রাহানের উপরেই আস্থা রেখেছেন কর্ণধার শাহরুখ খান। এবার সেই অধিনায়কই ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন! জানা যাচ্ছে, বেশ কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে আগামী 22 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া রঞ্জি ট্রফির পরবর্তী গ্রুপ পর্বের ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিলেন অজিঙ্কা।

মুম্বইকে সিদ্ধান্ত জানিয়েছেন রাহানে

গতকাল অর্থাৎ শনিবারই, রঞ্জি ট্রফির প্রাক্কালে মুম্বই ক্রিকেট সংস্থাকে রাহানে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণে লাল বলের ক্রিকেটে বাকি সিজনগুলি তিনি খেলবেন না। এই মুহূর্তে রঞ্জিতের আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে মুম্বই দলের। 22 থেকে 25 জানুয়ারি হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে তারা। অন্যদিকে 29 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লির বিরুদ্ধে লড়াই চলবে মুম্বই দলের। আর তার আগে, রাহানের চলে যাওয়া মুম্বই দলের কাছে কার্যত বড় ধাক্কা তা বলাই যায়।

 

অবসরের পরিকল্পনা রাহানের?

আচমকা লাল বলের ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় বড় ফরম্যাটে রাহানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। শনিবার মুম্বই ক্রিকেট সংস্থার ক্রিকেট কিট ফেয়ার এর উদ্বোধন সারেন অজিঙ্কা। এরপরই ক্রিকেট সংস্থার সচিব উন্মেষ খানভিলকর জানান, “বৈঠকের আগেই রাহানে আমাকে জানিয়ে দিয়েছিল কিছু ব্যক্তিগত কারণ রঞ্জি ট্রফির বাকি ম্যাচগুলিতে ও খেলতে পারবে না।” টেস্টে নিজের ভবিষ্যৎ দেখতে না পেয়েই কি সরে দাঁড়ালেন রাহানে? তাহলে কি অবসরের পরিকল্পনা? তুঙ্গে জল্পনা।

অবশ্যই পড়ুন: পাকিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ৩ জনের, আহত বহু

রাহানে ভক্তদের অনেকেই চিন্তিত, আচমকা অবসরের সিদ্ধান্ত না নেন এই ক্রিকেটার। বলাই বাহুল্য, এর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেললেও সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে একটি ম্যাচও খেলেননি রাহানে। তবে মুস্তাক আলিতে রং চিনিয়ে ছিলেন তিনি। মুম্বই দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন নাইট তারকা। কিন্তু হঠাৎ রঞ্জির পরবর্তী পর্বের আগে তাঁর সাময়িক বিরতি কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স ভক্তদেরও!

Leave a Comment