বিক্রম ব্যানার্জী, কলকাতা: শোনা গিয়েছিল, দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL এর শুরুটা হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান কলকাতার ডার্বি দিয়ে (Indian Super League)। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে রাজি হয়নি ময়দানের দুই প্রধান। ফলে আগামী 14 ফেব্রুয়ারি ISL এর উদ্বোধনী ম্যাচে দেখা যাবে না ইস্ট-মোহনের মহারণ। এর বদলে, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দিন নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আসলে গতবারের চ্যাম্পিয়ন তারাই। ফলে নিয়ম মতো, বাগানের ম্যাচ দিয়েই শুরু হবে টুর্নামেন্ট। কিন্তু কাদের বিরুদ্ধে ISL এর উদ্বোধনী ম্যাচ খেলবে সবুজ মেরুন?
মোহনবাগানের প্রতিপক্ষ কে?
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাঁধে চেপে এবারের মতো গড়াবে ইন্ডিয়ান সুপার লিগ। যদিও ISL নিয়ে চূড়ান্ত সূচি এখনও প্রকাশ্যে আসেনি। তবে সব ঠিক থাকলে, 14 ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ। প্রথম দিনই কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। আসলে সবুজ মেরুন যেহেতু গতবারের চ্যাম্পিয়ন ফলে তাঁদের হোম গ্রাউন্ডেই হবে এদিনের ম্যাচ।
বলাই বাহুল্য, ইন্ডিয়ান সুপার লিগের প্রতিটি ক্লাব নিজেদের মধ্যে আলোচনা করে তবেই ক্রীড়া সূচি তৈরি করছে। বুধবার সেই সূচি জমা পড়বে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তাদের হাতে। সেই মতোই সবদিক মাথায় রেখে আগামী 23 জানুয়ারি সরস্বতী পুজোর দিন ঘোষণা হতে পারে ইন্ডিয়ান সুপার লিগের সরকারি সূচি। বলে রাখি, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ইতিমধ্যেই নিজেদের হোমগ্রাউন্ড হিসেবে যুবভারতীকে বেছে নিলেও বেশ কয়েকটি ক্লাব নিজেদের হোম ম্যাচের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
অবশ্যই পড়ুন: নির্দিষ্ট অংকে নেওয়া হবে না ফাইন, বিমার উপরেই জরিমানা! ইন্স্যুরেন্স বিহীন গাড়ির ইতি টানতে বড় পদক্ষেপ কেন্দ্রের
জানা যাচ্ছে, মুম্বই এবং চেন্নাইয়িন এফসি ইতিমধ্যেই তাদের হোম ম্যাচের মাঠ নিয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সাথে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে আলোচনার অনুরোধ জানিয়েছে। সেই মতোই দুই রাজ্যের স্টেডিয়াম কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে AIFF। এদিকে, দিল্লির স্টেডিয়ামেই স্পোর্টিং ক্লাব দিল্লির খেলার ব্যবস্থা করা হয়েছে। পাঞ্জাব এফসি খেলবে উত্তরাখণ্ডের দেরাদুনে। ওদিকে ওড়িশা হোমগ্রাউন্ড ঠিক করে উঠতে পারেনি। তবে খুব শীঘ্রই তারাও নতুন মাঠ পেয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।