ISL এ কবে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল-মোহনবাগান? প্রকাশ্যে কলকাতা ডার্বির তারিখ

ISL Kolkata Derby Date East Bengal May Face Mohun Bagan In May

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো টানাপোড়েনের পর অবশেষে গড়াতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের চাকা। এ বছরের মতো ISL আয়োজনের দায়িত্ব নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সব ঠিক থাকলে, আগামী 14 ফেব্রুয়ারি শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ। মোহনবাগান সুপার জায়ান্ট যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, ফলে তাদের ম্যাচ দিয়েই শুরু হবে প্রতিযোগিতা। যদিও মাঝে শোনা গিয়েছিল, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি (ISL Kolkata Derby) দিয়েই ফিতে কাটা হবে ISL 2026 সিজনের। তবে এই মুহূর্তে সেটা হচ্ছে না। চূড়ান্ত কিছু বদল না এলে মোহনবাগান বনাম কেরালার ম্যাচ দিয়ে শুরু হতে পারে ISL। তাহলে ডার্বি কবে?

কবে ISL র প্রথম ডার্বি?

শুরুর দিকে শোনা গিয়েছিল, দীর্ঘ জট কাটিয়ে যেহেতু ইন্ডিয়ান সুপার লিগ আয়োজিত হচ্ছে তাই দর্শকদের উন্মাদনা বাড়াতে টুর্নামেন্টের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। সেই মতোই নাকি এগোচ্ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে শোনা যায়, প্রথম ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলতে আপত্তি জানিয়েছিল কলকাতার দুই প্রধান। আর তারপরই বদলে যায় সিদ্ধান্ত।

তবে ডার্বি হচ্ছে এ মরসুমে। সূত্রের যা খবর, গোটা টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচী প্রকাশিত না হলেও একটা ডার্বির দিন কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, বড়সড় কিছু বদল না এলে ইন্ডিয়ান সুপার লিগে ডার্বি হতে পারে আগামী 3 মে। আসলে 14 ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়ান সুপার লিগ শুরুর যে পরিকল্পনা হয়েছে তাতে ক্রীড়া সূচির একটা প্রাথমিক খসড়া তৈরি করেছে ক্লাবগুলি। সেখানেই নাকি কলকাতা ডার্বির দিন হিসেবে 3 মে ধার্য করা হয়েছে। সমস্যা না হলে এই ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনেই।

অবশ্যই পড়ুন: চূড়ান্ত দল ঘোষণার পরেও বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান! নতুন নাটক নকভিদের?

উল্লেখ্য, ডার্বির পাশাপাশি দুটি মিনি ডার্বিও দেখা যেতে পারে এবারের ইন্ডিয়ান সুপার লিগে। তবে সমস্যা একটাই, ময়দানের আরেক প্রধান মহামেডান এখনও পর্যন্ত জানাতে পারেনি তারা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোথায় ম্যাচ খেলবে। যদিও সূত্রের, মহামেডান মনে প্রানে চাইছে যুবভারতীতেই তাদের ম্যাচ আয়োজন করা হোক। তবে এর জন্য প্রয়োজন সরকারি অনুমতি। যা নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি সাদা কালো ব্রিগেড। তবে মহামেডান কর্তাদের আশা খুব শীঘ্রই রাজ্য সরকারের সাথে কথা বলে চূড়ান্ত অনুমতি নিয়ে যুবভারতীতেই খেলতে পারবে তারা।

Leave a Comment