বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) গুটিয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচেই নিজামের দলের হয়ে ওপেনিং করতে নেমে একেবারে ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা। 21 বলে 48 রানের যেই ইনিংস তিনি খেলেছিলেন সেটাই SRH কে জয়ের পথে ঠেলে দিয়েছে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে শাস্তি পেতে হল টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটারকে (BCCI Punished Abhishek Sharma)। জানা যাচ্ছে, KKR ম্যাচে গালিগালাজ করার কারণে শাস্তি পেলেন অভিষেক।
অভিষেককে বড় শাস্তি দিল BCCI
গতকাল KKR বনাম SRH ম্যাচ শেষ হতে না হতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বোর্ডের আচরণ বিধি ভাঙার কারণে শাস্তি পাচ্ছেন অভিষেক শর্মা। তাঁর বিরুদ্ধে লেভেল ওয়ান অপরাধের অভিযোগ আছে। সেই অপরাধের কথা নিজেও স্বীকার করেছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান। আর তারপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের আচরণ বিধির 2.3 ধারায় অভিযোগের পর শাস্তি পাচ্ছেন তিনি।
রিপোর্ট মোতাবেক, ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, গত ম্যাচে অগ্রহণযোগ্য আচরনের কারণে অভিষেক শর্মাকে তাঁর ম্যাচ ফির 25 শতাংশ দিতে হচ্ছে। তবে অপরাধ লেভেল ওয়ান পর্যায়ের হওয়ার কারণে নির্বাসনের মুখে পড়তে হচ্ছে না এই খেলোয়াড়কে। একই সাথে এই প্লেয়ারকে কোনও ডিমেরিট পয়েন্ট দিচ্ছে না BCCI। তবে বোর্ডের তরফে সতর্ক করা হয়েছে আগামীতে যাতে এমন আচরণের পুনরাবৃত্তি না হয়।
ঠিক কী করেছিলেন অভিষেক?
কলকাতার ম্যাচে অভিষেক শর্মা ঠিক কোন ভুলের কারণে শাস্তি পাচ্ছেন তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশেষ কিছু জানায়নি। তবে মনে করা হচ্ছে গতকাল আউট হয়ে যাওয়ার পর যথেষ্ট হতাশ হয়েছিলেন এই প্লেয়ার। আর তারপরেই আচমকা নিজেকেই গালিগালাজ করতে শুরু করেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, অশ্রাব্য সেই গালিগালাজ ধরা পড়েছিল স্ট্যাম্প মাইকে। পরবর্তীতে সেই রেকর্ডেড ভাষণের কারণেই শাস্তি পেলেন এই খেলোয়াড়।
অবশ্যই পড়ুন: KKR-র হারের মূল কালপ্রিট এই ৫ প্লেয়ার
উল্লেখ্য, এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন RCB র কাছে হেরে একেবারে হতাশ হয়ে পড়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ছেলেরা। তবে গতকাল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে দাঁড়িয়ে, জয় তুলে কিছুটা হলেও সেই হতাশা কাটিয়ে উঠল SRH। এদিন প্রথমে ব্যাট করে 226 রান তুলেছিল নিজামের দল। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে 161 তেই গুটিয়ে যায় কলকাতা।