বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট থেকে অবসরের পর কোচ হিসেবে নিজের লড়াইটা শুরু করবেন বলেই জানিয়েছিলেন বাংলার ছেলে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। বর্তমানে সেই লড়াইয়ের প্রধান সৈনিক তিনি। তাঁর কোচিংয়ে লড়ছে বাংলার অনূর্ধ্ব 23 দল। ঋদ্ধির হাত ধরে একদিনের ক্রিকেটে সেমিফাইনাল খেলেছে বাংলা দল। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলকেও কোচিং করাতে পারেন তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি IPL ফ্রাঞ্চাইজি নাকি ঋদ্ধিমানকে তাঁদের দলের কোচ করতে আগ্রহ প্রকাশ করেছে।
KKR এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঋদ্ধিমান
অবসরের পর কোচিং কেরিয়ারের পুরোটাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোনও দলকে দিয়ে করতে চাননি ঋদ্ধি। তবে গত বছর কলকাতা নাইট রাইডার্সের তরফে বড় অফার পেয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁকে সহকারি কোচ হিসেবে নিয়োগ করতে চেয়েছিল শাহরুখ খানের দল। তবে শোনা যায়, এক কথায় কলকাতাকে না বলে দিয়েছিলেন ঋদ্ধিমান। টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান ধীরে ধীরে এগোতে চেয়েছিলেন। প্রথমে রাজ্য দলের কোচ হিসেবে নিজের নাম উজ্জ্বল করতে চেয়েছিলেন তিনি। সেই মতোই, বাংলার অনূর্ধ্ব 23 দলকে সফলতার শিখরে তোলার চেষ্টায় ভারতীয় দলের প্রাক্তন সদস্য। বলে রাখি, ঋদ্ধির কোচিংয়ে ইতিমধ্যেই সিকে নাইডু ট্রফির নকআউট পর্বে যাওয়ার লড়াই লড়ছে বাংলা দল।
ঋদ্ধিমানকে কোচ করতে চাইছে একাধিক IPL ফ্র্যাঞ্চাইজি
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্কালে ঋদ্ধিমান সাহাকে কোচ করতে আগ্রহী জনপ্রিয় দল গুজরাত টাইটান্স। এই দলের হয়েই দীর্ঘ সময় IPL খেলেছেন ঋদ্ধি। জিতেছেন ট্রফিও। শোনা যাচ্ছে, গুজরাতের ফ্রাঞ্চাইজি নাকি ঋদ্ধিমান সাহাকে কোচিং স্টাফে অন্তর্ভুক্ত করতে চাইছে। সবচেয়ে বড় কারণ, কোচ আশিস নেহরার সাথে দুর্দান্ত সম্পর্ক ঋদ্ধির। এর আগে তাঁর কোচিংয়েই তিন বছর গুজরাতে খেলেছেন তিনি।
অবশ্যই পড়ুন: চতুর্থ T20 হারের পেছনে মূল কালপ্রিট গম্ভীরের প্রিয়পাত্র সহ টিম ইন্ডিয়ার চার প্লেয়ার
সূত্রের যা খবর, কিছুদিন আগেই গুজরাতের তরফে প্রস্তাব গিয়েছিল ঋদ্ধিমানের কাছে। তবে ঋদ্ধিমান তৎক্ষণাৎ কিছুই জানাননি। গোটা বিষয়টি নিয়ে আপাতত খেলোয়াড় ভাবনা চিন্তা করছেন বলেই খবর। শোনা যাচ্ছে, গুজরাত ছাড়াও আরও বেশ কয়েকটি IPL ফ্রাঞ্চাইজি ঋদ্ধির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নাকি প্রতিক্রিয়া জানাননি।