KMC-র তরফে দেওয়া ডমিসাইল সার্টিফিকেট নিয়ে বড় বিতর্ক

Domicile Certificate

প্রীতি পোদ্দার, কলকাতা: যত এগিয়ে আসছে ২৬ এর বিধানসভা নির্বাচন, ততই যেন SIR-এর শুনানি নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। এমনকি নথি নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। এই আবহে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) থেকে দেওয়া ডমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) নিয়ে তৈরি হয়েছে আরও এক নয়া বিতর্ক। কারণ এই সার্টিফিকেটে এতদিন স্পষ্ট লেখা ছিল যে, এটি শুধুমাত্র SIR সংক্রান্ত বিষয়ের জন্যই বৈধ। কিন্তু এবার সেই নিয়ে অন্য কথা বললেন মেয়র ফিরহাদ হাকিম।

ডমিসাইল সার্টিফিকেট কী?

ঘটনা হল কলকাতায় যাঁরা বসবাস করছেন কিন্তু প্রামাণ্য নথি নেই তাঁরা এসআইআর আবহে রীতিমতো উদ্বেগে আছেন। তাই সেক্ষেত্রে ডমিসাইল সার্টিফিকেটের প্রসঙ্গ উঠে আসছে। আসলে কোনও ব্যক্তি নির্দিষ্ট কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যে স্থায়ীভাবে বসবাস করেন, তার প্রমাণপত্র হল ডমিসাইল সার্টিফিকেট। প্রথমে পুরসভার তরফ থেকে দেওয়া এই ফর্মে নির্দিষ্ট তথ্য দিয়ে ফিল-আপ করে, নথি-সহ তা জমা দিতে হয়। পরে পুলিশ ভেরিফিকশনের পর ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করে রাজ্য সরকার। কিন্তু এবার সেই সার্টিফিকেট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

কী বলছেন ফিরহাদ হাকিম?

জানা গিয়েছে, কলকাতা পুরসভা থেকে দেওয়া ডমিসাইল সার্টিফিকেটে লেখা রয়েছে, এই শংসাপত্রটি শুধুমাত্র স্পেশাল ইনটেনসিভ রিভিশন সংক্রান্ত কাজের জন্য বৈধ বলে গণ্য করা হচ্ছে। কিন্তু সেই নিয়ে অন্য কথা বললেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, “ডমিসাইল সার্টিফিকেট পুরসভা দেয় না, পুরসভা ম্যানেজমেন্টটা করছে। এটা দেয় রাজ্য থেকে। আর এই সার্টিফিকেট শুধু SIR-এর জন্য ব্যবহার করা যাবে, এরকম কিছু লেখা নেই।” যার ফলে সেই সংক্রান্ত নথি ঘিরেও এবার বিতর্ক তৈরি হল।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে পৌঁছলেন আইনজীবী মমতা, SIR মামলায় করবেন সওয়াল-জবাব

কটাক্ষ বিরোধীদের

ডমিসাইল সার্টিফিকেট প্রসঙ্গে বাম নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, “এটা SIR-এর জন্য শুধু হয় না। অতএব এই সার্টিফিকেট আমরা মানতে পারব না। আসলে তৃণমূল এমন একটা ভাবে কাজ করে যাতে সবসময় একটা অশান্তি টিকে থাকে। আর সেই পরিকল্পনা নিয়ে এগনো হচ্ছে বলে আমার ধারণা।” একই সুর শোনা যায় বিজেপি নেতা সজল ঘোষের মুখে। তিনি বলেন, “বাঁদরের হাতে তলোয়ার পড়লে কী কী হয় জানেন তো? এটার যৌক্তিকতা কোথায়? মানুষকে সুবিধা দেওয়ার জন্য যদি এটা হয়ে থাকে, তাহলে তো এর পিছনে মানুষ শুধু একটিই সুবিধা পাবে। বাকি সুবিধাগুলো থেকে তো বঞ্চিত হবে।”

Leave a Comment