সৌভিক মুখার্জী, কলকাতা: ফেব্রুয়ারি মাস শেষের পথে। আর নতুন মাস অর্থাৎ মার্চ শুরু হতেই দেশের একাধিক আর্থিক নিয়মে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন (March 1 Rules Changes) আসতে চলেছে। হ্যাঁ, এলপিজি গ্যাসের দাম থেকে শুরু করে বীমার প্রিমিয়াম পরিশোধের পদ্ধতি বা মিউচুয়াল ফান্ডে নমিনেশন, সব ক্ষেত্রেই আসছে এবার রদবদল। আর এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটের উপরেই। কিন্তু কী কী পরিবর্তন আসছে তা জানুন এই প্রতিবেদনে।
এলপিজি সিলিন্ডারের দামে বদল
প্রতি মাসের শুরুতেই তেল বিপণন সংস্থাগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পুনঃনির্ধারণ করে থাকে। আর ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম গত এক বছর ধরেই পরিবর্তন হচ্ছে। কিন্তু ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে সেরকম কোনও পরিবর্তন হয়নি। যদিও মার্চ মাসের শুরুতে দাম বাড়বে কি কমবে, সেই দিকে নজর থাকবে সকলের। আর এতে গৃহস্থলীর বাজেটে সরাসরি প্রভাব পড়বে। বিশেষ করে রেস্তোরাঁ বা ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে।
বিমানের জ্বালানির মূল্য সংশোধন
মাসের প্রথম দিনেই জেট ফুয়েল বা এয়ার টারবাইন ফুয়েলের দাম সংশোধন করা হয়ে থাকে। সেই কারণে এটিএফ-র দাম পরিবর্তন হলে তার প্রভাব পড়তে পারে বিমানের ভাড়ার উপরেই। ফলে বিমান যাত্রীদের ভাড়ার খরচ এবার বাড়তেও পারে বা কমতেও পারে।
ইউপিআই-এর মাধ্যমে বীমা প্রিমিয়াম পরিশোধ
বীমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই এবার নতুন ফিচার্স চালু করছে। তা হল বীমা ASBA। ১ মার্চ থেকে এই ব্যবস্থায় ইউপিআই-র মাধ্যমে বীমার প্রিমিয়াম পরিশোধ করে দেওয়া যাবে। আর এতে প্রিমিয়াম দেওয়ার প্রক্রিয়া যেমন আরও সহজ এবং দ্রুত হবে, পাশাপাশি লেনদেনও থাকবে স্বচ্ছ। এতে দেশের কোটি কোটি ইউপিআই ব্যবহারকারী উপকৃত হবে।
মিউচুয়াল ফান্ডে ১০ জন নমিনি
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি মিউচুয়াল ফান্ড এবং ডিমাট অ্যাকাউন্টে নমিনেশনে এবার বিরাট পরিবর্তন আনছে। বিনিয়োগকারীরা সর্বাধিক ১০ জন পর্যন্ত নমিনি রাখতে পারবে। এতদিনে এই সংখ্যা সীমিত ছিল। এতে সম্পত্তি বন্টন সংক্রান্ত পরিকল্পনায় এবার নমনীয়তা আসবে বলেই অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: DA বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের, কতটা বাড়ল মহার্ঘ ভাতা?
ইউএএন সক্রিয় করার শেষ তারিখ
ইপিএফও ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন সক্রিয় করা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করার শেষ তারিখ বাড়িয়ে এবার ১৫ মার্চ করে দিয়েছে। বিশেষ করে ইপিএফও-র বিভিন্ন সুবিধা এবং কর্মসংস্থান সংক্রান্ত প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এই প্রক্রিয়া বিশেষ জরুরি।
এক কথায়, এই পরিবর্তনগুলি মার্চ মাসের প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে। তাই আর্থিক পরিকল্পনা সাজানোর জন্য এখন থেকে সচেতন থাকুন। এই নিয়মগুলি মধ্যবিত্তদের দৈনন্দিন বাজেটের উপর যে সরাসরি প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।