SIR নথি হিসাবে গণ্য করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট, নির্দেশ সুপ্রিম কোর্টের

SIR Hearing

প্রীতি পোদ্দার, কলকাতা: SIR শুনানি (SIR Hearing) নিয়ে রাজ্য জুড়ে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। নথি নিয়ে কম বেশি সকলেই নানা ঝামেলায় পড়ছে। কিছুদিন আগে SIR প্রক্রিয়ার বৈধ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তাই শুনানিতে যে সব ভোটার শুধুমাত্র অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন, তাঁদের আবার নথি দিতে হবে এমনটাই জানিয়েছে কমিশন। এমতাবস্থায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, এসআইআর নথি হিসাবে গণ্য করতে হবে অ্যাডমিট কার্ডকে।

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হবে SIR এর নথি!

উল্লেখ্য, এসআইআর-এর জন্য আগেই ১৩টি নথির কথা উল্লেখ করেছিল কমিশন। সেই সময়রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল। তার পরে সিইও দফতর থেকে এই মর্মে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রাহ্য করার প্রস্তাব খারিজ করে দেয় কমিশন। তাঁদের মতে, ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে অনুমোদন করা সম্ভব নয়। কিন্তু রাজ্যের দাবি, এমন বহু মানুষ রয়েছে, যাঁরা কেবল শুনানিতে অ্যাডমিট কার্ডই দিতে পেরেছেন। এবার সেই নিয়ে বিশেষ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।

বিশেষ নির্দেশ সুপ্রিম কোর্টের!

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, আজ অর্থাৎ সোমবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে SIR এর নথি হিসেবে মান্যতা দিয়েছে। জানা গিয়েছে, বাংলার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ডের প্রসঙ্গ উত্থাপন করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে না? কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বয়সের উল্লেখ থাকে।” কল্যান বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “কত মানুষ এমন রয়েছেন, যাঁরা কেবল শুনানিতে অ্যাডমিট কার্ডই দিতে পেরেছেন।” তখন সুপ্রিম কোর্ট সংখ্যাটা জানতে চাইলে আগামী শুনানিতে এই সংখ্যাটা নিশ্চিত করে জানানো হবে বলে জানান আইনজীবী।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের দায়িত্বে থাকা বিএলও শিক্ষকদের চাপ কমাল শিক্ষা সংসদ

SIR সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে শীঘ্রই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও ১ কোটি ৩৬ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সের যে তালিকা রয়েছে সেটা প্রকাশ করার দাবি তুলেছিল তৃণমূল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও নির্বাচন কমিশনকে আগামী তিন দিনের মধ্যে প্রত্যেকটি ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিসে ১ কোটি ৩৬ লক্ষ যে নাম রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রকাশ করার নির্দেশ দিয়েছে। এছাড়াও বুথ লেভেল এজেন্টদের শুনানি চালাকালীন অনুমতি চেয়েছিল তৃণমূল। সেই প্রসঙ্গে আদালত জানিয়েছে, কোনও ব্যক্তিকে শুনানিতে ডাকা হলে তিনি আইনজীবী, পরিবারের সদস্য, এমনকী পার্টির বিএলএ-কেও প্রতিনিধি হিসাবে নিয়ে যেতে পারেন সহযোগিতার জন্য। তবে সেটার জন্য লিখিত সম্মতি থাকতে হবে।

Leave a Comment