প্রীতি পোদ্দার, কলকাতা: SIR নিয়ে বিতর্কের জট যেন কিছুতেই কাটতে চাইছে না। এদিকে আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে অভিযোগের কাঠগড়ায় তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই তর্ক বিতর্কের মাঝেই SIR নিয়ে দিল্লি যেতে চলেছেন মমতা। তবে রাজধানী যাওয়ার আগে আজ দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করতে চলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
কলকাতায় অখিলেশ
জানা গিয়েছে গতকাল অর্থাৎ সোমবার, সস্ত্রীক কলকাতায় পৌঁছেছেন অখিলেশ যাদব। আজ, মঙ্গলবার একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। কলকাতা বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব ছাব্বিশের নির্বাচনে ‘দিদি’র প্রতি প্রবল সমর্থন জানিয়ে বলেছেন, ”পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। বিজেপি নিজেই জানে যে তারা এই রাজ্যে জিততে পারবে না। তাই এখন তাদের একমাত্র লক্ষ্য, সম্মানের সঙ্গে হার স্বীকার করা।” আর এই আবহে জানা গিয়েছে, আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি।
বৈঠকে কী নিয়ে হবে আলোচনা?
রিপোর্ট মোতাবেক, আজ , মঙ্গলবার, দুপুর ১টা নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু কী হবে তা নিয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি। তবে যেটুকু জানা গিয়েছে তা হল, SIR সমস্যা নিয়ে দু’পক্ষের কথা হতে পারে। এমনকী তা নিয়ে তৈরি হতে পারে বিশেষ স্ট্র্যাটেজি। যা নিয়ে আগামী দিনে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরা হবে। গতকাল, বিমানবন্দরে অখিলেশ যাদব সাংবাদিকদের সামনেই বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন। এমনকি আইপ্যাক-ইডি অভিযানের বিষয় নিয়েও সুর তুলেছেন তিনি। অখিলেশ বলেন, বিজেপি এখনও পেনড্রাইভের ‘পেইন’ ভুলতে পারেনি।
আরও পড়ুন: নন্দীগ্রামে হিন্দুদের বাড়ি, মন্দিরে ধ্বজা, মাইক, সিসিটিভি লাগানোর বার্তা! খরচ দেবেন শুভেন্দু
নির্বাচন সংক্রান্ত SIR ইস্যুতেও কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে যা ঘটছে, তার থেকেও গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে। সুতরাং এক্ষেত্রে সমাজবাদী পার্টি সরাসরি তৃণমূল কংগ্রেসকে নানাভাবে সাহায্য করতে পারে। তাই আজকের বৈঠকে নতুন কোনও রণকৌশল তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। সকলের নজর এখন এই বৈঠকের দিকে।