প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে বহু প্রতীক্ষার অবসান। গত ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে, কলকাতার ৪৯ তম আন্তর্জাতিক বইমেলা উৎসব। আসলে কলকাতার এই আন্তর্জাতিক বইমেলা কখনোই শুধুমাত্র বই বিক্রির জায়গা হয়ে ওঠেনি, বরং এই মেলায় বাংলা ভাষার চর্চা, সাহিত্য নিয়ে আলোচনা, ক্যুইজ সবকিছু নিয়েই ভিড় জমান উৎসাহী পাঠকরা। আগেরবার প্রায় ২৭ লক্ষ মানুষ এসেছিলেন বইমেলায় এবং বই বিক্রি হয়েছিল প্রায় ২৩ কোটি টাকার মত। এমতাবস্থায় সকলকে চমকে দিয়ে এবার বইমেলায় প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বই SIR নিয়ে।
SIR নিয়ে রাজনৈতিক আক্রমণ মমতার
নির্বাচনের আবহে রাজ্যের ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার তাড়াতে ময়দানে SIR প্রক্রিয়া নিয়ে নেমেছে নির্বাচন কমিশন। এইমুহুর্তে চলছে শুনানি পর্ব। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই পথে নেমে আন্দোলন শুরু করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বারংবার রাজনৈতিক আক্রমণ শানাচ্ছেন বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে। যেখানেই কর্মসূচি করছেন সেখানেই তিনি SIR নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করছেন। আর এই আবহেই এবার বইমেলায় প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বই SIR নিয়ে। বইয়ের নাম দেওয়া হয়েছে, ‘SIR, ২৬-এ ২৬’।
নিজের বই প্রসঙ্গে কী বলছেন মমতা?
SIR-এর কারণে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এই বই। সেই বইতে একটা, দু’টো নয়, এসআইআর নিয়ে ছাব্বিশটি কবিতা লিখে ফেলেছেন তিনি। বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানের দিন নিজের বই প্রসঙ্গে মমতা বলেন, “ ২০২৬ সালে যেহেতু SIR-এর নামে হেনস্থা চলছে, তাই আমি ২৬টা কবিতা দু-তিনদিনের মধ্যে লিখে দিয়েছি। ওটাও SIR হিসাবে বেরোবে। এর আগে মোটামুটি আমার ১৫৩টা বই বেরিয়েছে এরইমধ্যে। এবারও হয়তো ৯টা বেরোবে।” তাঁর আরও সংযোজন, এই বইয়ে যে ২৬টি কবিতা রয়েছে সেগুলির নাম দেওয়া হয়েছে আতঙ্ক, লজ্জা, কুম্ভীরাশ্রু, ভাষার শিকার, লাশঘর, বিচার, বিদ্বেষ, লড়াই, শুধু ওরা থাকবে-ইত্যাদি।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশের সময়সীমা শেষ, আত্মসমর্পণ করলেন না প্রাক্তন BDO প্রশান্ত
রাজ্যে SIR বিভ্রাট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ এই SIR বঙ্গবাসীর জীবন তছনছ করে দিয়েছে বললেও কম বলা হয়৷ একটা মহল থেকে ক্রমাগত ভয় দেখানো চলছে সাধারণ মানুষকে। ফলে বাড়ছে আতঙ্ক আর মৃত্যুমিছিল।’’ এরপরেই কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ‘‘দু বছরের কাজ, দু’মাসে করতে হুকুম জারি করেছেন দিল্লির জমিদারেরা। সব দেখেশুনে প্রতিবাদে জ্বলে উঠেছি ৷ যত দূর যেতে হয় যাব। তবু মেনে নেব না এই অত্যাচার।’’ কিছুদিন আগেই মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে এই বই প্রকাশ আরও গরম হচ্ছে রাজনীতির হাওয়া।