বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্বপ্নের ফর্মে ভারত। 20 ওভারের গত বিশ্বকাপ জয়ের পর গত বছরের এশিয়া কাপ সহ সাম্প্রতিক প্রায় সব সীমিত ওভারের সিরিজে সফল টিম ইন্ডিয়া। আসন্ন বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে সূর্যকুমার যাদবদের। ভারত তথা বিদেশের বহু প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, এবারের বিশ্বকাপেও বিশ্বসেরা হবে ভারত। একই মত প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিরও (Sourav Ganguly On Team India)। দাদা মনে করেন, এবারের বিশ্বকাপের সেরা দল ভারত। তবে টুর্নামেন্ট শুরুর আগে টিম ইন্ডিয়াকে বিশেষ পরামর্শ দিলেন মহারাজ।
ভারতীয় দলকে বিশেষ পরামর্শ সৌরভ গাঙ্গুলির
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্কালে ভারতীয় দলকে বিশেষ পরামর্শ দিলেন এবং সতর্কও করলেন দাদা সৌরভ। সম্প্রতি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া একটি ভিডিওতে সৌরভকে বলতে শোনা যায়, “বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ এবং বড় টুর্নামেন্টে সঠিক সময়ে নিজেদের সেরাটা দিয়ে ফর্মে পৌঁছানো খুব দরকার। সেই সাথে টুর্নামেন্ট চলাকালীন ভালো খেলে যেতে হবে। ধারাবাহিকতা বজায় রাখতে হবে।” সৌরভ এও জানান, ভারতীয় দলকেই বিশ্বকাপের অন্যতম ফেবরিট টিম হিসেবেই দেখছেন তিনি।
ভারতীয় দলের প্রাক্তন সদস্য বিশ্বাস করেন, টিম ইন্ডিয়া এবারের বিশ্বকাপে নিজেদের সেরাটা দিয়ে লড়বে এবং তিন নম্বর টি-টোয়েন্টি কাপটাও কাঁধে তুলবে। সৌরভের কথায়, “এই মুহূর্তে বিশ্বকাপের জন্য অত্যন্ত শক্তিশালী দল ভারত। ব্যাটিং থেকে শুরু করে বোলিং এমনকি স্পিন বিভাগ ও ফিল্ডিং সার্বিক দিক থেকে ভারতে গুনি প্লেয়াররা রয়েছেন।” দাদার মতে, অতীতে কী ফলাফল হয়েছে তা খুব একটা অর্থ বহন করে না। বিশ্বকাপে ভারত সঠিক সময় সঠিক ফর্মে পৌঁছবে এবং কামাল দেখাবে বলেই বিশ্বাস করেন মহারাজ।
অবশ্যই পড়ুন: রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই কী বাজেটে সুদিন ফিরল না কলকাতা মেট্রোর?
উল্লেখ্য, গত বছর এশিয়া কাপে অপ্রতিরোধ্য থেকেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। টিম ইন্ডিয়ার সামনে রুখে দাঁড়াতে পারেনি কেউই। তাছাড়াও সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড দলকেও টি-টোয়েন্টিতে নাকানি-চোবানি খাইয়ে এসেছেন সূর্যকুমাররা। বিশ্বকাপেও জয়ের ধারা অব্যাহত রাখবে ভারতীয় দল, বিশ্বাস করেন দেশের বহু ক্রিকেট ভক্ত।