বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক বিরল ঘটনার সাক্ষী থাকল টি-টোয়েন্টি বিশ্বকাপ। গতকাল অর্থাৎ রবিবার, মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড (ICC T20 World Cup 2026)। সেই ম্যাচেই আজব কান্ড ঘটালেন আয়ারল্যান্ডের বোলার ব্যারি ম্যাকার্থি। এদিন কলম্বোর আর প্রেমাদসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার ইনিংস চলাকালীন নিজের ওভারে কীভাবে বল করতে হয় কার্যত সেটাই ভুলে গিয়েছিলেন এই আইরিশ খেলোয়াড়! কেন বলছি? আসলে রবির ম্যাচে, এক ওভারে ছটি নয় বরং 11টি বল করতে হয়েছিল আয়ারল্যান্ডের এই খেলোয়াড়কে।
ভুলের মাসুল দিতে হয়েছিল আয়ারল্যান্ডকে
গতকাল বিশ্বকাপের মঞ্চে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ব্যাট হাতে শুরুটা মোটামুটি হয়েছিল তাদের। আর এই ইনিংসেই ক্রিকেটপ্রেমীদের এক বিরল ঘটনার সাক্ষী করে রাখলেন আয়ারল্যান্ডের বোলার ম্যাকার্থি। এদিন শ্রীলঙ্কার যখন 19 তম ওভারে গড়িয়েছে বল করতে আসেন তিনি। আর তারপরেই গোটা ওভারটা একপ্রকার নো বলে ভরিয়ে দেন এই খেলোয়াড়। শুধু তাই নয়, পরপর দুটি ওয়াইড বলও করেন তিনি। যা দেখে মনে হচ্ছিল বল করাটাই ভুলে গিয়েছেন আইরিশ খেলোয়াড়। এদিকে, বোলারের ভুলের পুরোপুরি সুযোগ নিয়েছিলেন লঙ্কান ব্যাটাররা। মজার বিষয়, 6 বলের জায়গায় 11টি বল করতে হয়েছিল আয়ারল্যান্ডের প্লেয়ারকে। আর সেটাই আয়ারল্যান্ডের কাছে সবচেয়ে ব্যয়বহুল উঠল।
না বললেই নয়, এদিন 3 ওভার বল করে 40 রান দিলেও শ্রীলঙ্কার দুটি গুরুত্বপূর্ণ উইকেট ভেঙেছিলেন আয়ারল্যান্ডের বোলার ম্যাকার্থি। কিন্তু তা হলেও এক ওভারে কার্যত ভুল বল করায় ক্রীড়া মহলে কিছুটা হলেও হাসির পাত্র হয়ে উঠেছেন তিনি। এদিকে আইরিশ খেলোয়াড়ের 40 রানের মাসুল গুনতে হয়েছিল তাঁর দলকে। আসলে রবিবার, শ্রীলঙ্কার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শত চেষ্টা করলেও শেষ পর্যন্ত 20 রানে হারে আয়ারল্যান্ড।
অবশ্যই পড়ুন: করতে হবে হ্যান্ডশেক, ভারতের সাথে বিশ্বকাপ খেলতে ICC কে ৩ শর্ত বেঁধে দিল পাকিস্তান!
উল্লেখ্য, এদিন শ্রীলঙ্কার শক্তিশালী ব্যাটসম্যানদের সামনে রুখে দাঁড়িয়ে 6টি উইকেট তুলতে পেরেছিল আয়ারল্যান্ড। ম্যাকার্থি ছাড়াও গতকাল দুটি উইকেট পেয়েছিলেন জর্জ ডকরেল। মাত্র 17 রান খরচ করেই এই কাজ করেছিলেন তিনি। এছাড়াও লঙ্কান বাহিনীর বিপক্ষে একটি করে উইকেট ভেঙেছেন মার্ক অ্যাডায়ার এবং গ্যারেথ ডেলানি।