বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতের মুখোমুখি হতে চায় না পাকিস্তান (India Vs Pakistan)। আগেই সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। এবার সেই দাবিকেই আরও জোরালো করলেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এবার একেবারে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে পাক প্রধান জানালেন, ভারতের সাথে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে তারা অটল। বাংলাদেশের পাশে দাঁড়াতেই এমন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।
ভারতের বিরুদ্ধে খেলবেই না পাকিস্তান?
ভারতে খেলতে না আসার দাবিতে অনড় থাকায় শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাদ পড়েছে বাংলাদেশ দল। তাতে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরছেন ওপার বাংলার ক্রিকেটাররা। মন ভেঙেছে বহু বাংলাদেশি সমর্থকের। এদিকে গোটা ঘটনার দায় একপ্রকার ভারতের উপর চাপিয়ে বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে বলে চেঁচিয়ে উঠেছে পাকিস্তান। ভাইজানের পাশে দাঁড়িয়ে আগামী 15 ফেব্রুয়ারি ভারতের সাথে ম্যাচ বয়কট করেছে PCB। যদিও বাইরে থেকে গোটা বিষয়ে হস্তক্ষেপ করেছে পাকিস্তান সরকার। পাক সরকারের সিদ্ধান্ত অনুসরণ করেই ভারতের বিপক্ষে দল না নামানোর সিদ্ধান্ত নিয়েছে PCB।
তবে মাঝে শোনা গিয়েছিল, ভারত বনাম পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থার যে ক্ষতি হবে তা বহন করতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তাছাড়াও চুক্তি অনুযায়ী বিশ্ব ক্রিকেট সংস্থার কাছ থেকে যে অর্থ পাওয়ার কথা তাও নাকি পাবে না PCB। ফলে অনেকে ধরেই নিয়েছিলেন, নিজেদের পুরনো সিদ্ধান্ত থেকে সরে আসবে পাকিস্তান। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পূর্ণ অন্য কথা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
সাম্প্রতিক এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা বড় সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তান ঠিক করেছে ভারতের বিরুদ্ধে খেলবে না। পাকিস্তান বারবার বলে এসেছে, খেলার ময়দানে রাজনীতি চলে না। তবে অনেক ভেবেচিন্তে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অবশ্যই বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। ইনশাআল্লাহ!”
View this post on Instagram
অবশ্যই পড়ুন: DA মামলায় বড় জয় সরকারি কর্মীদের, এখনই ২৫% দিতে হবে! নির্দেশ সুপ্রিম কোর্টের
উল্লেখ্য, আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নেদারল্যান্ডস। এদিনই আমেরিকার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। এরপর 12 ফেব্রুয়ারি নামিবিয়ার ম্যাচ দিয়ে 15 তারিখ পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল সূর্যকুমার যাদবদের। তবে পাকিস্তানি সরকার পুরনো সিদ্ধান্তে অনড় থাকায়, সেই ম্যাচ যে হচ্ছে না তা বলাই যায়। যদিও সর্বশেষ তথ্য অনুযায়ী, পাকিস্তান খেলুক বা না খেলুক,ভারতীয় দল কলম্বোতে গিয়ে অনুশীলন থেকে শুরু করে ম্যাচের আগে প্রেস কনফারেন্স সারবে। শুধু তাই নয়, ম্যাচ রেফারিদের সাথে মাঠেও উপস্থিত থাকবে টিম ইন্ডিয়া।