বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে চূড়ান্ত নাটক দেখানোর পর অবশেষে পথে এলো পাকিস্তান (India Vs Pakistan)। শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ এমনকি সংযুক্ত আরব অমিরশাহীর চিঠির পর পাকিস্তান সরকারের সাথে বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচ খেলা নিয়ে পুনরায় আলোচনায় বসেন পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। আর তারপরেই পশ্চিমের দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সবুজ সংকেত পেতেই টিম ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আগামী 15 ফেব্রুয়ারি এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচ নিয়ে এবার উন্মাদনা আরও বাড়ল তা বলাই যায়।
কোন মন্ত্রে কাজ হল?
একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রথমে শ্রীলঙ্কার তরফে চিঠি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পরিষ্কার জানানো হয় ভারতের সাথে ম্যাচ খেলুক পাক দল। একই সাথে ভারতের প্রতিবেশী দেশটি পাকিস্তানকে অতীত স্মরণ করিয়ে এও বলে, জঙ্গি হামলার সময় যখন পাকিস্তানে কোনও দেশ খেলতে যাচ্ছিল না তখন তারাই গিয়েছিল। শুধু তাই নয়, ভারতের সাথে বিশ্বকাপ না খেলার পরিনাম কতটা ভয়াবহ হতে পারে সেটাও সব রকম ভাবে বুঝিয়ে দিয়েছিল ক্রিকেট শ্রীলঙ্কা। এরপর যার জন্য লড়াই সেই বাংলাদেশও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য অনুরোধ রাখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে। তালিকায় যুক্ত হয় UAE র নামও।
তিন দেশের তরফে চিঠি পাওয়ার পর গত রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে একটি ভার্চুয়াল বৈঠক হয়েছিল পাক ক্রিকেট বোর্ডের। তাছাড়াও এই দিনই খোদ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কের সাথে ফোনে কথা হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীর। সেই ফোনালাপেও পাক প্রধানমন্ত্রীকে ভারতীয় দলের সাথে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট দলকে ছাড়পত্র দেওয়ার অনুরোধ রেখেছিলেন লঙ্কান প্রেসিডেন্ট। এসবের পরই গতকাল অর্থাৎ সোমবার রাতে প্রধানমন্ত্রীর সাথে ম্যারাথন বৈঠক হয় PCB প্রধানের। সেখানেই নাকি ভারতের বিরুদ্ধে খেলার জন্য পাকিস্তান দলকে ছাড়পত্র দিয়ে দিয়েছিলেন শেহবাজ।
তবে প্রশ্ন থাকে, ঠিক কোন মন্ত্রে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হলো পাকিস্তান? পাকিস্তানের তরফে আসা বিবৃতিতে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, দিনের পর দিন আলোচনা, বন্ধু দেশগুলির তরফে আসা অনুরোধ সহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্বার্থে বিভিন্ন ভাবনা চিন্তা থেকে ভারতের বিরুদ্ধে মাঠে নামছে পাকিস্তান ক্রিকেট দল। একই সাথে ক্রিকেটের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলির মধ্যে ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানায় পশ্চিমের দেশ। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আগামী দিনের জন্য পাক ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
অবশ্যই পড়ুন: অষ্টম বেতন কমিশনে বদলে যাবে পেনশনের নিয়ম? জবাব দিল কেন্দ্র
উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি চূড়ান্ত নাটকীয়তার পর পাকিস্তান সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছিল, ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে নামবে না পাকিস্তান ক্রিকেট দল। এই সিদ্ধান্তের পর বিতর্ক কম হয়নি। অনেকেই বলেছিলেন, ভারতের বিরুদ্ধে খেলতে নেমে হারতে হবে জেনেই আগে থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে পাকিস্তান। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তান দল যে খেলবে না সে কথা একেবারে সর্বসম্মখে জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শরীফ। তবে সেই সিদ্ধান্ত থেকে এবার হাত তুলে নিতেই হচ্ছে।