বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী, 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বহু অপেক্ষিত প্রতিযোগিতা। আর সেই আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ (India Vs Pakistan)। যা অনুষ্ঠিত হবে আগামী 15 ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে। এবার সেই ম্যাচ নিয়েই বড় ঘোষণা দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। টুর্নামেন্টের আম্পায়ার তালিকা প্রকাশ করার পাশাপাশি জানিয়ে দেওয়া হলো কারা থাকছেন এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের দায়িত্বে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকা প্রকাশ করল ICC
বিশ্বকাপের প্রাক্কালে আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিশ্ব ক্রিকেট সংস্থার প্রকাশিত তালিকা অনুযায়ী এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্বে থাকছেন মোট 24 জন আম্পায়ার এবং 6 জন রেফারি। যদিও ওই তালিকায় সুপার এইট এবং নকআউট পর্যায়ের ম্যাচগুলির পরিচালকদের নাম জানানো হয়নি। জানা গিয়েছে, ভারতীয়দের মধ্যে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন রেফারি জাভাগল শ্রীনাথ। এছাড়াও আম্পায়ারের দায়িত্ব পড়েছে নীতিন মেনন, কেএনএ পদ্মনাভন এবং জয়রামন মদন গোপালেরর উপর।
বলে রাখি, বিশ্বকাপের শুরুটা হবে পাকিস্তান বনাম নেদারল্যান্ডের ম্যাচ দিয়ে। এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন কুমার ধর্মসেনা এবং ওয়েট নাইটস। একই সাথে ভারতের ম্যাচ রয়েছে 7 ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে। সেখানে আম্পায়ারিংয়ের দায়িত্ব সামলাবেন রড টাকার এবং পল রিফেল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাংলাদেশ জেদ দেখিয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বিশ্ব ক্রিকেট সংস্থার আম্পায়ারদের তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার শারফুদ্দৌলা সৈকত এবং গাজী সোহেল। পাকিস্তান থেকে থাকছেন দুজন আম্পায়ার রশিদ রিয়াজ এবং ফয়সাল খান আফ্রিদি।
ভারত বনাম পাকিস্তান ম্যাচের দায়িত্বে কারা?
আগামী, 15 ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে অংশ নেবে ভারত। জানা যাচ্ছে, এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বীর মহারণের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ এবং কুমার ধর্মসেনা। বলে রাখা ভাল, বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরই নতুন নাটক শুরু করেছে পাকিস্তান! বিশ্বকাপ খেলব, খেলবো না করে গর্জন ছাড়ছে পশ্চিমের দেশ। যদিও এর মাঝেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করে বসে রয়েছে PCB। বেশিরভাগেরই দাবি, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না।
অবশ্যই পড়ুন: কুলপিতে তৃণমূল বুথ সভাপতির গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি পরিচালনার জন্য আপাতত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে তালিকা দিয়েছে সেই ম্যাচ রেফারিদের তালিকায় রয়েছেন, ডিন কোজিয়ার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মদুগলে, অ্যান্ড্রু পাইক্রফট ও রিচি রিচার্ডসন। এদিকে, বাকি আম্পায়ারদের তালিকায় নাম রয়েছে, রোলান্ড ব্লাক, আদ্রিয়ান হোলস্টক, ক্রিস গাফানি, ক্রিস ব্রাউন, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, ওয়েন নাইটসদের।