বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঝে আর একটা দিন, তারপরই শুরু হবে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। সেই মতোই, প্রস্তুতি সারছে সব দল। ভারতের প্লেয়াররাও ছুটন্ত ঘোরার মতো চনমনে। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচেও জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। এমতাবস্থায় বিশ্বকাপের ঠিক আগে হাসপাতালে ভর্তি করতে হল এক ভারতীয় ক্রিকেটারকে (Indian Cricketer Hospitalized)। হ্যাঁ, শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে টিম ইন্ডিয়া থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন সরফরাজ খানকে। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের আগে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর মুম্বই দলের জন্য বড় ধাক্কা বলাই যায়।
কেন হাসপাতালে ভর্তি করতে হল ভারতীয় ক্রিকেটারকে?
জানা গিয়েছে, দীর্ঘ কয়েক দিন ধরেই ভাইরাল ফিভারে আক্রান্ত ভারতীয় ক্রিকেটার সরফরাজ। একটা সময় পৌঁছে শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাঁকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের যা খবর, এই মুহূর্তে হাসপাতালেই চিকিৎসা চলছে খেলোয়াড়ের। এদিকে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের ম্যাচে সরফরাজের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়। ঠিক কতদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন খেলোয়াড় তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সুস্পষ্ট তথ্য মেলেনি।
রঞ্জির কোয়ার্টার ফাইনালে মুম্বই
আগামী, 6 ফেব্রুয়ারি মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে কর্ণাটক বনাম মুম্বই রঞ্জি ট্রফি হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল। সেই ম্যাচ একেবারে স্বচক্ষে দেখার জন্য অপেক্ষা করছেন ভক্তরা। তার ঠিক আগে দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারের অসুস্থতা চিন্তা বাড়িয়েছে তাঁদের। আর বাড়বে নাই বা কেন, রঞ্জির চলতি সিজনে সিদ্ধেশ লাডের পর সরফরাজ খান মুম্বই দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। শুধু তাই নয়, সরফরাজই একমাত্র ব্যাটসম্যান যিনি মুম্বই দলের হয়ে এ সিজনে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
অবশ্যই পড়ুন: NJP গামী সুপারফাস্ট এক্সপ্রেসে বড়সড় দুর্ঘটনা, লাইনচ্যুত ট্রেন, আতঙ্কে যাত্রীরা
উল্লেখ্য, এদিকে আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরে প্রথম দিনই আমেরিকার মুখোমুখি হবে ভারতীয় দল। এরপর 12 ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে মাঠ দখল করবেন সূর্যকুমার যাদবরা। এই ম্যাচ সেরে 15 ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। তবে পাকিস্তান সরকার ম্যাচ বয়কট করায় আদৌ এ দিন এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে।