অনেকটাই বাড়তে পারে রান্নার গ্যাসের দাম!

LPG Price Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্ববাজারে ফের অস্বস্তিতে ফেলছে জ্বালানির দাম। অপরিশোধিত তেল এবং রান্নার গ্যাসের মূল কাঁচামাল প্রোপেন ও বিউটনের দাম বেড়েছে অনেকটাই। ফলত আশঙ্কা তৈরি হচ্ছে, ভারতের বাজারে আবারও রান্নার গ্যাসের দাম বাড়তে পারে (LPG Price Hike)। কারণ, ভারত সম্পূর্ণ আমদানি নির্ভর দেশ। বিশেষজ্ঞদের আশঙ্কা, শুধুমাত্র রান্নার গ্যাস নয়, বরং পেট্রোল-ডিজেলের উপরেও আগামী দিন প্রভাব পড়তে পারে।

কেন বাড়ছে আমদানির খরচ?

আসলে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে প্রোপেন এবং বিউটনের দাম প্রতি টনে গড়ে ৩২.৫ ডলার পর্যন্ত ঊর্ধ্বগতিতে ঠেকেছে। আর এর পেছনে রয়েছে একাধিক কারণ। যার মধ্যে উল্লেখযোগ্য হল আমেরিকা এবং ইরানের মধ্যে বাড়তে থাকা ভূ-রাজনৈতিক টানাপোড়েন, আমেরিকা থেকে এলপিজি আমদানিরর উপর নির্ভরতা বৃদ্ধি এবং টাকার দর তলানিতে পৌঁছনো। যার ফলে ডলার নির্ভর আমদানি আরও ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। আর এসব মিলিয়ে তেল সংস্থাগুলির মোট খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে শুধুমাত্র রান্নার গ্যাস নয়, বরং আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭০ ডলারের গণ্ডি ছাড়িয়েছে। আর পেট্রোল এবং ডিজেলের উৎপাদন খরচ অনেকটা বেড়েছে। ফলে সরকারি ভর্তুকি থাকা সত্ত্বেও তেল সংস্থাগুলির লোকসান বেড়েই চলেছে।

আরও পড়ুন: রক্তের মতো লাল হল লাদাখের আকাশ! কোনও অশনি সংকেতের ইঙ্গিত? ভাইরাল ভিডিও

তবে যদিও এই মুহূর্তে সাধারণ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। কারণ, সামনে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই কেন্দ্রীয় সরকার এখনই তেল বা রান্নার গ্যাসের খুচরো দাম বাড়াতে নাও পারে। ভূ-রাজনৈতিক কারণে আপাতত দাম বৃদ্ধি স্থগিত থাকবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটি স্থায়ী সমাধান নয়, বরং পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম কিছুটা হলেও বাড়তে পারে। পাশাপাশি খুব শীঘ্রই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলেও খবর, যা হোটেল, রেস্তোরাঁ, ছোট ব্যবসায়ীদের উপর সরাসরি প্রভাব ফেলবে। তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, শেষবার চলতি বছরের এপ্রিল মাসে গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম ৫০ টাকা করে বাড়ানো হয়েছিল।

Leave a Comment