সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ অক্টোবর, রবিবার। অভিশপ্ত চোরবাগান, অন্নপূর্ণা যোজনার টাকা, রাজ্যের নতুন ট্রাফিক আইন….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) চোরবাগানের ঘটনায় হোমগার্ডদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় অস্থায়ী হোমগার্ডের দিকেই এবার আঙুল তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বৃষ্টির সময় ভিড় নিয়ন্ত্রণের দড়ি ছেড়ে তাঁরা সরে যাওয়ার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর এই ঘটনায় তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠানো হয়েছে এবং মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অন্য মণ্ডপগুলি খতিয়ে দেখতে বিশেষ দল গঠন করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) চোরবাগানের শিক্ষা নিয়ে কলকাতায় একাধিক পূজা মণ্ডপ বন্ধ
চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় বৃষ্টি এবং অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এবার বড় সিদ্ধান্ত প্রশাসনের। এই বিপর্যয়ের পর প্রশাসন চরম সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সন্তোষ মিত্র স্কয়ার, চেতলা অগ্রণী, টালা প্রত্যয় এবং আলিপুর সর্বজনীন সহ কলকাতার বেশ কয়েকটি বড় বড় পূজা মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া ভিড় নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) অন্নপূর্ণা যোজনায় নতুন ৮ লক্ষ মহিলার অন্তর্ভুক্তি
অন্নপূর্ণা যোজনার পুজোর মাসে নতুন করে ৮ লক্ষ মহিলার নাম নথিভুক্ত হওয়ায় মোট উপভোক্তা সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৬০ লক্ষ। তবে স্বচ্ছতা বজায় রাখতে এবং নিয়ম ভঙ্গের কারণে চলতি মাসে প্রায় ৩ লক্ষ মহিলার নাম এই প্রকল্প থেকে বাদ গিয়েছিল। এর পাশাপাশি একই সঙ্গে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া বা ভুয়ো তথ্য দিয়ে আবেদন করার কারণে বহু উপভোক্তার নাম বাতিল হয়েছে বলেও খবর। তবে যারা টাকা পাননি তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন বলে জানিয়েছে নবান্ন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) আমেরিকার অনুষ্ঠানে যেতে গিয়ে বিমানবন্দরে হেনস্থার শিকার ইমন চক্রবর্তী
আমেরিকায় দুর্গাপুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ডালাস বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী ইমন চক্রবর্তী এবং তাঁর দলের সদস্যরা। বৈধ বোর্ডিং পাস থাকা সত্ত্বেও বিমান সংস্থার কর্মীরা তাঁদেরকে বিমানে উঠতে বাধা দেন এবং বাদ্যযন্ত্র নিয়ে আপত্তির মন্তব্য, দুর্ব্যবহার এবং ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছেন গায়িকা। এমনকি সমস্ত বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ায় নিরাপদে পৌঁছে নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন তাঁরা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) দুর্গাপুজোয় ভিআইপি লাইন বন্ধের ঘোষণা মুখ্যমন্ত্রীর
সপ্তমীর রাতে চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে অতিরিক্ত ভিড় এবং গেট ভেঙে গিয়ে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। এই মর্মান্তিক বিপর্যয়ের পর জরুরী বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। তিনি নবমী এবং দশমীতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার আশ্বাস দিয়েছেন। এমনকি ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষতা তদন্তের জন্য সিট গঠন করেছেন। তার পাশাপাশি আগামী দিন শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে কোনও ভিআইপি লাইন রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) ফ্রান্সে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ৫.৫ লক্ষ মানুষের
ফ্রান্সের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সরকারি সেবার মান পতনের প্রতিবাদে আনুমানিক সাড়ে ৫ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। রাজধানী প্যারিসসহ বিভিন্ন স্থানে এই আন্দোলন পরবর্তী সময়ে হিংসাত্মক রূপ নিয়েছে। যার ফলে সরকারি ভবনে অগ্নি সংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এমনকি সংঘর্ষ ও বিশৃঙ্খলার মাঝে প্রায় ১৫০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলেও খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) পুলিশ কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের
রাজ্যের পুলিশ কর্মীদের জন্য একাধিক সুযোগ-সুবিধার ঘোষণা করল সরকার। প্রতিটি থানায় জিম তৈরির জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি ১১২ জরুরী পরিষেবায় নতুন গাড়ি এবং মোটরসাইকেল যুক্ত করা হবে বলে খবর। পুজোর ডিউটি শেষে পুলিশ দমকল এবং সিভিল ডিফেন্স কর্মীদের দুই দিনের বিশেষ ছুটি, রেশন ভাতা ৫০০ টাকা বৃদ্ধি এবং ১৫ বছর চাকরির পর নিজে জেলায় বদলির সুযোগ দেওয়ার ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) মধ্যপ্রদেশের শীতলা মন্দিরে দুর্ঘটনায় মৃত্যু ১৩ জনের
মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু এবং ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে। রবিবার ভোর রাতে নবরাত্রির ভিড়ের মধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে একটি নিয়ন্ত্রণহীন ধান বোঝাই ট্রাক ঢুকে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার পর দ্রুত আহতদের হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এমনকি নিষিদ্ধ পথে ভারী যানবাহন কীভাবে প্রবেশ করল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) চোরবাগানের ঘটনায় ১২ জন আটক
সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে অতিরিক্ত ভিড় এবং বৃষ্টির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। তবে সেই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মধ্যরাতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে তিনি জানিয়েছেন যে, ভিড় নিয়ন্ত্রণে যাদের ত্রুটি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ১২ জনকে আটক করেছে। আর মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং সরকারি চাকরির আশ্বাস দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) ট্রাফিক আইন নিয়ে নতুন নিয়ম পশ্চিমবঙ্গ সরকারের
পশ্চিমবঙ্গের ট্রাফিক আইন লঙ্ঘনের শাস্তি কঠোর করতে এবার নতুন পেনাল্টি মার্কিং পদ্ধতি চালুর সুপারিশ করা হল। কোনও চালক ট্রাফিক নিয়ম ভেঙে মোট ১২টি পেনাল্টি পয়েন্ট পেলে তাঁর ড্রাইভিং লাইসেন্স ৬ মাস থেকে ১ বছরের জন্য স্থগিত হয়ে যেতে পারে। এর পাশাপাশি বারবার একই অপরাধ করলে লাইসেন্স স্থায়ীভাবে বাতিলের সম্ভাবনা রয়েছে। বেপরোয়া গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বা ড্রাইভিং এর সময় মোবাইল ব্যবহারের মতো অপরাধ দমনের জন্য এই নিয়ম আনা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন