অভিষেকের অফিসে ভাঙচুর, দেওর-বৌদির আত্মহত্যা…! আজকের সেরা ১০ খবর (৩ সেপ্টেম্বর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। অভিষেকের অফিসে ভাঙচুর, দেওর-বৌদির আত্মহত্যা, বারুইপুর কাণ্ডে চার্জশিট, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বারুইপুর কাণ্ডে ৭০২ পাতার চার্জশিট পেশ পুলিশের

অবশেষে ৭ দিনের মাথায় বারুইপুর কাণ্ডে চার্জশিট পেশ করল তদন্তকারী সংস্থা। ৭০২ পাতার চার্জশিট এদিন আদালতে জমা দিয়েছে পুলিশ। গত ৩১ আগস্ট এই চার্জশিট পেশ করা হয়েছে। সেখানে মূল অভিযুক্ত হিসেবে দেখানো হচ্ছে তিনজনকে। ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি আরেক অভিযুক্ত প্রভাস দাসকে এনকাউন্টার করেছিল পুলিশ। উল্লেখ করে রাখি, গত ৪ জুলাই বারুইপুরে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়। তারপর সেই দেহ জলে ফেলে দেওয়া হয়েছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) স্কুলে জাতীয় পতাকা ও ইন্ডিয়া গেটের অবমাননা

ফের জাতীয় পতাকার অবমাননা। এবার স্কুলের শ্রেণিকক্ষের দেওয়ালে আঁকা হল উল্টো জাতীয় পতাকা। এমনকি ইন্ডিয়া গেটের ছবি নিয়েও সুর চড়িয়েছেন এলাকাবাসী। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের অন্তর্গত উত্তর চাপাহাটি জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে ছাত্রীদের জন্য শিক্ষণীয় বিষয় অঙ্কন করা হয়েছিল। তবে সেখানে ইন্ডিয়া গেট ও জাতীয় পতাকার রং নিয়ে প্রশ্ন ওঠে। এলাকাবাসীর প্রতিনিধি সৈয়দ আবু জাফর অভিযোগ তোলেন যে, দেওয়ালে আঁকা ইন্ডিয়া গেট দেখে মনে হচ্ছে মসজিদের গম্বুজ এবং জাতীয় পতাকার উপরে দেওয়া হয়েছে সবুজ রং। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) APAAR আইডি বানানো বাধ্যতামূলক করল রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক হল APAAR আইডি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরের তরফ থেকে আজ এ কথা ঘোষণা করা হয়েছে। এটি কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি ২০২০ এর আওতায় ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট’ আইডি উদ্যোগের অংশ। এই আইডিতে শিক্ষার্থীদের সমস্ত শিক্ষাগত রেকর্ড নিরাপদে সংরক্ষিত থাকবে। এমনকি ডিজিলকার এবং অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটের সঙ্গে যুক্ত থাকবে এটি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) শ্রীলেখার বিরুদ্ধে আপাতত কোনও পদক্ষেপ না নেওয়ার নির্দেশ আদালতের

নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত ছবি দেখানোর অভিযোগ উঠেছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। এমনকি তাঁর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে আজ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, এখন শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। পাশাপাশি অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা খারিজের আবেদন জানানো হয়েছে আদালতে। প্রসঙ্গত জানিয়ে রাখি, তাঁর হয়ে মামলা লড়েছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ফিরহাদের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ

শিবির পরিবর্তন করেছেন ফিরহাদ হাকিম। তবে এবার তাঁর বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ উঠল। বেআইনিভাবে জোহরা বেগম সম্পত্তি দখল আর ব্যবহার করার অভিযোগ উঠেছে কলকাতা বন্দরের বিধায়কের বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, ওই সম্পত্তি দখল করে সেখানে M/S Marvel Point ও Hakim Polymakers Private Limited এর নামে ব্যবসা চালাচ্ছিলেন তিনি। অভিযোগ সামনে আসতেই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার। এমনকি আজ সেখানে হানাও দিয়েছে পুলিশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) শান্তিপুরে দেওর-বৌদির একসঙ্গে আত্মহত্যা

নৃশংস ঘটনা শান্তিপুরে। নিজের দেওরের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়েছিলেন বৌদি। তবে সেই সম্পর্ক প্রকাশ্যে আনা এবং লোকলজ্জার ভয়ে একসঙ্গে আত্মহত্যা করলেন তারা। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর মাঠপাড়া এলাকায়। সেখানকার আম বাগানের একটি গাছ থেকে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে গ্রামবাসী। তদন্তের খাতিরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চালিয়েছে শান্তিপুর থানার পুলিশ। জানা গিয়েছে, মৃত যুবকের নাম দীপক সরদার এবং যুবতীর নাম সুনিতা সরদার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) উত্তম কুমারের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মহানায়কের টালিগঞ্জের বাড়িতে একেবারে চাঁদের হাট বসে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মহানায়কের স্মৃতিচারণ করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, মহানায়ক উত্তম কুমার কিংবদন্তি, যার কালজয়ী পরিবেশনা প্রজন্মের পর প্রজন্মের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে। তাঁর জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন রঞ্জিত মল্লিককে দিয়ে মাল্যদান করিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ভোররাতে তৃণমূলের ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুর

গতকাল ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে আচমকা হামলা চালাল কয়েকজন দুষ্কৃতী। এমনকি সেই সময় অফিসে উপস্থিত থাকা কর্মীদের মারধর করা হয় বলেও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। অভিষেক লেখেন, অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির গুন্ডারা কলকাতার প্রাণকেন্দ্র আমাদের দলীয় কার্যালয়ে জোর করে ঢুকে পড়ে। আমাদের কর্মীদের উপর হামলা চালানো হয়। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। আসবাবপত্র ভাঙচুর করা হয়। গোটা অফিস তছনছ করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ভারী বৃষ্টিতে ফারাক্কায় রেললাইনে ধস

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ। এমনকি রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধস নেমেছে ফারাক্কার রেললাইনে। যার কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়। আজ সকালেই মাঝপথে আটকে যায় একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। পূর্ব রেলের তিলডাঙ্গা রেলস্টেশন এবং নিউ ফারাক্কা জংশনের মধ্যে রেললাইন মারাত্মকভাবে ধসে পড়ার কারণে শিয়ালদহ এবং হাওড়া সেকশনের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে আজ। এমনকি কলকাতা থেকে আসা ট্রেনগুলির কয়েক ঘণ্টা দেরি হচ্ছে। সেই সঙ্গে বহু ট্রেন ৪ থেকে ৮ ঘণ্টার বেশি দেরিতে চলছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) আরজি কর মামলায় গ্রেফতার পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে

আরজি কর মামলায় ফের গ্রেফতার। এবার তালিকায় নাম জুড়ল পানিহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দের। গতকাল বৃহস্পতিবার ভোররাতে রাজ্য পুলিশের একটি বিশেষ দল বেঙ্গালুরু থেকে তাঁকে আটক করেছে। এর আগে ওড়িশার বিভিন্ন জায়গায় এবং হায়দ্রাবাদে তাঁর খোঁজ চালিয়েছে পুলিশ। আজ বেঙ্গালুরু সিটি সিভিল কোর্টে তোলা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই এই ঘটনায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পাশাপাশি কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment