“অভিষেকের লোকজনই করেছে…” ক্যামাক স্ট্রিট কাণ্ডে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতি। আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্স সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর বিজেপির কর্মীদেরকেই কাটগড়ায় তোলেন তৃণমূল সাংসদ। এমনকি পুলিশ, রাজ্যের রাজ্যপাল, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীরও জবাবদিহিতা চেয়েছেন যুবরাজ। তবে এবার উল্টে তৃণমূলের কর্মীদের দিকেই অভিযোগের আঙুল তুললেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

অভিষেকের পার্টি অফিসে ভাঙচুর নিয়ে বড় মন্তব্য অগ্নিমিত্রার

ক্যামাক স্ট্রিটের এই পার্টি অফিস নিয়ে বিগত সপ্তাহ থেকেই জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবার আচমকা পুরসভার আধিকারিকরা পুলিশ বাহিনী নিয়ে গিয়ে ওই কার্যালয়ের বিলবোর্ড খুলে দেয় বলেই অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিষেকসহ তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর এবং সেই সূত্রে মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় তিনি হাজিরা দিয়েছেন। তবে গতকাল ভোরে আচমকা কয়েকজন দুষ্কৃতি ওই পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় বলেই পুনরায় অভিযোগ তোলেন অভিষেক। এমনকি বিজেপিকে এই ঘটনায় কাঠগড়ায় তুলেছেন তিনি।

তবে সেই ইস্যুকে কেন্দ্র করে এদিন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তৃণমূল কর্মীদের কটাক্ষ করে বলেন, “কে এই হামলা করেছে সেটা দেখতে হবে। যতবারই ভাঙচুর হয়েছে, ডিম মারা হয়েছে, তখন দেখা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজনই করেছে। তা না হলে আপনাদের বিভিন্ন দল হয়? ঋতব্রত তৃণমূল, অভিষেকের তৃণমূল, কালীঘাট তৃণমূল, কতগুলোই বা তৃণমূল?” এমনকি গতকাল সেবাশ্রয় দুর্নীতি নিয়ে তিনি বলেন, “এটা তো দরকারি। আপনি সরকারে থাকুন বা না থাকুন, এটা তো কখনও অ্যালাও করা যায় না যে আপনি দখল করে রেখে দিয়েছেন।

আরও পড়ুন: অভিষেকের পার্টি অফিস থেকে প্রিজন ভ্যানে মালপত্র তুলে নিয়ে গেল পুলিশ

যদিও পার্টি অফিসে এই ভাঙচুরের ঘটনায় বিজেপির দিকে আঙুল তুললেও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এমনকি শমীক ভট্টাচার্য জানান, “প্রতিহিংসার রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। কারও অফিসে ভাঙচুর করা আমরা সমর্থন করি না।” এই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, নির্বাচনের আগে পর্যন্ত তাদের সঙ্গে তৃণমূলের যোগ ছিল। এমনকি ওই পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া জিনিসপত্র আজ পুলিশকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যেতেও দেখা যায়।

Leave a Comment