উত্তরবঙ্গের লুকনো রত্ন, বর্ষায় ঘুরে আসুন দার্জিলিং-র নতুন অফবিট ‘জৌবাড়ি’ থেকে

সহেলি মিত্র, কলকাতাঃ এই গরমে আপনাকেও কি পাহাড় টানছে? কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দার্জিলিং, কালিম্পং, সিকিমের ভিড় দেখে পিছিয়ে আসছেন? তাহলে এখনই ভেঙে পড়ার কিছু নেই। কারণ আজ আপনাদের দার্জিলিং থেকে একটু দূরে এমন এক অফবিটেরও অফবিট জায়গার খোঁজ দেব যেখানে গেলে মনে হবে সেখানেই থেকে গেলে কেমন হয়। হ্যাঁ একদম ঠিক এরকমই অনুভূতি হবে ‘জৌবাড়ি’ (Jaubari) গেলে।

ঘুরে আসুন দার্জিলিং-এর ‘জৌবাড়ি’ থেকে

‘জৌবাড়ি’…উত্তরবঙ্গের একদম অফবিট জায়গা যাকে বলে সেটা। ঘুম ভাঙলেই চোখের সামনে দেখতে পাবেন পাহাড়, সেই পাহাড়ের মাথার ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। সে এক আলাদাই অনুভূতি দেবে আপনাকে। বিশেষ করে আপনিও যদি পাহাড়ে গিয়ে ট্রেক করতে একটু অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে থাকেন তাহলে এই জৌবাড়ির থেকে ভালো অপশন কিছু হতেই পারে না।

আরও পড়ুনঃ নীল জলের লেক, জলপ্রপাতের শহর! বর্ষায় ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে

উত্তরবঙ্গের বুকে রয়েছে এমন অনেক অফবিট জায়গা যেগুলি সম্পর্কে পর্যটকরা জানেন না। এই জায়গাটিও সেগুলির মধ্যে অন্যতম। পাহাড় এবং ঘন বনে ঘেরা ছবির মতো সুন্দর গ্রাম হল জৌবাড়ি। জায়গাটি দার্জিলিং-এর কিছু বিখ্যাত ট্রেকিং রুট মানেভঞ্জন, সুখিয়াপোখরি এবং সিঙ্গালিলা জাতীয় উদ্যানের খুব কাছেই। এই জায়গাটি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ঘেরা, প্রাকৃতিক শব্দ ছাড়া অন্য কোনো শব্দ পাবেন না, নেই কোনও কোলাহল। এই জায়গাটি পর্যটকদের জন্য একটি নতুন লুকানো রত্ন। সবথেকে বড় কথা, উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার অন্যতম আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা এখান থেকে একদম পরিষ্কার এবং ঝকঝকে দেখতে পাবেন।

কীভাবে যাবেন?

এবার জেনে নেওয়া যাক এত সুন্দর জায়গায় আপনি কীভাবে পৌঁছাবেন। শিলিগুড়ি থেকে মাত্র ৭৭ কিলোমিটার এবং দার্জিলিং শহর থেকে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত জৌবাড়ি। আপনি চাইলে শিলিগুড়ি থেকে প্রাইভেট গাড়ি বুক করে এখানে আসতে পারেন। এছাড়া দার্জিলিং ঘুরে ফেরার পথে এখানে এক রাত কাটাতে পারেন। হতাশ হবেন না, বরং প্রকৃতিতে আরও কাছ থেকে উপভোগ করতে পারবেন।

Leave a Comment