সৌভিক মুখার্জী, কলকাতা: সদ্য লঞ্চ হয়েছে আইফোন 18 সিরিজ (iPhone 18 Series)। তবে এই সিরিজের মডেলগুলির দাম দেখে চক্ষু ছানাবড়া গ্রাহকদের! এমনকি নতুন এই সিরিজ লঞ্চ হওয়ার পর অ্যাপল ভারতে বেশ কয়েকটি আইফোন মডেলের দাম অনেকটাই বাড়িয়েছে। পাশাপাশি লাইনআপের কোনও মডেলের দাম কমানোর ঘোষণাও করা হয়নি কোম্পানির তরফ থেকে। প্রশ্ন উঠছে, কেন পুরনো মডেলগুলির দাম বাড়ানো হল আর নতুন সিরিজের দাম মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে রাখা হল?
কেন এত বেশি দাম iPhone 18 সিরিজের?
প্রথমেই জানিয়ে রাখি, আগের মডেল অর্থাৎ iPhone 17 এর বেস মডেলটির 256GB ভেরিয়েন্টের দাম ছিল 82,900 টাকা। সেটির দাম এখন দাঁড়িয়েছে 99,900 টাকা। পাশাপাশি 512GB ভেরিয়েন্টের দাম বাড়িয়ে রাখা হয়েছে 1,24,900 টাকা। অন্যদিকে iPhone 17e এর দাম বেড়েছে 15,000 টাকা। ফলে যার লঞ্চের সময় দাম ছিল 64,900 টাকা, সেখানে এখন নতুন দাম দাঁড়িয়েছে 79,900 টাকা। এছাড়া iPhone Air এর দামের উপরেও পড়েছে প্রভাব। এই মডেলের দাম বেড়েছে 30,000 টাকা। আগে যেখানে রেট ছিল 1,19,900 টাকা, সেখানে এখন দাঁড়িয়েছে 1,49,900 টাকা।
তবে এই মূল্যবৃদ্ধি শুধুমাত্র পুরনো মডেলগুলির মধ্যেই সীমাবদ্ধ নেই। বরঞ্চ অ্যাপলের নতুন iPhone 18 Pro এবং 18 Pro Max এর দাম আগের প্রজন্মের চেয়ে অনেকটাই বেশি রাখা হয়েছে। বর্তমান iPhone 18 এর দাম প্রায় 100 ডলার বেশি রাখা হয়েছে। পাশাপাশি মডেলভেদে নতুন সিরিজের দাম রাখা হয়েছে 799 থেকে 1999 ডলারের মধ্যে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে আইফোনের দাম এতটা বাড়ল?
আরও পড়ুন: তৃতীয় সন্তানের জন্মে ৩০ হাজার, চতুর্থে মিলবে ৪০! বড় ঘোষণা রাজ্য সরকারের
আসলে বেশ কয়েকটি প্রধান পণ্যের দাম বাড়ার কারণেই অ্যাপল সম্প্রতি আইফোনের মূল্যবৃদ্ধির ঘোষণা করেছিল। আর সেই সূত্রেই এবার দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে প্রধান কারণ হল মেমোরি বা অন্যান্য যন্ত্রাংশের উচ্চমূল্য। এই কারণে অ্যাপল বা অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলি দিনের পর দিন মূল্যবৃদ্ধির সম্মুখীন হচ্ছে। এমনকি অ্যাপলের অন্যান্য পণ্যে যে মেমোরি বা সিলিকনের ঘাটতি দেখা যাচ্ছে তা আইফোনের উপরেও চাপ সৃষ্টি করছে। এ বিষয়ে টিম কুক জানিয়েছেন, ক্রমবর্ধমান মেমোরি ও স্টোরেজ চিপের খরচ মেটাতে অ্যাপল তার পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করেছে। ডেটা সেন্টারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চাহিদার বৃদ্ধি ইলেকট্রনিক সংস্থাগুলিকে সমস্যার মুখে ফেলছে।