এবার ডিজেলে মেশানো হবে ১৫% আইসোবিউটানল, জানালেন পরিবহণ মন্ত্রী

সৌভিক মুখার্জী, কলকাতা: পেট্রোলে (Petroleum) ইথানল মেশানোর ফলে গাড়ির মাইলেজ কমছে! এই অভিযোগে তোলপাড় গোটা দেশ। তবে তারই মধ্যে সংকটের কথা ভেবে এবার বিকল্প জ্বালানি ব্যবহার প্রসারের লক্ষ্যে কেন্দ্র সরকার আরও এক পদক্ষেপ গ্রহণ করল। জানা গিয়েছে, পেট্রোলে ইথানাল চালুর পর এবার সরকার ডিজেলে (Diesel Fuel) ১৫ শতাংশ পর্যন্ত আইসোবিউটানল মেশানোর অনুমতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমনকি একথা নিজেই জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)।

ডিজেলে মেশানো হবে আইসোবিউটানল

এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানান, সরকার আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। পাশাপাশি জৈব জ্বালানি কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু ইথানল সরাসরি ডিজেলের সাথে মেশানো যায় না, সেই কারণে এবার ইথানলের জায়গায় আইসোবিউটানল উপাদানের একটি প্রযুক্তি নিয়েই কাজ শুরু হয়েছে। এমনকি আইসোবিউটানল ডিজেলের বিকল্প হিসেবেও কাজ করতে পারে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথা অনুযায়ী, এটি জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে এবং গাড়ির পারফরম্যান্স বাড়াবে। মন্ত্রীর কথায়, “আমরা সফলভাবে ১০০% ইথানল এবং আইসোবিউটানল দুটি জেনারেটর সেট চালিয়েছি। আর সেখান থেকেই প্রমাণ মিলছে যে এই জ্বালানিগুলিতে চলতে সক্ষম ইঞ্জিন তৈরি করা সম্ভব।”

এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে যে, কী এই আইসোবিউটানল? আসলে আইসোবিউটানলকে পরবর্তী প্রজন্মের জৈব জ্বালানি হিসেবে বিবেচনা করছে ভারত সরকার। এর শক্তি ঘনত্ব অনেকটাই বেশি এবং এটি প্রচলিত ডিজেল ইঞ্জিনের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারে। এমনকি এটি অনেক প্রচলিত জৈব জ্বালানির তুলনায় কম দূষণকারী পদার্থ নির্গমন করে। আর বর্তমানে দেশজুড়ে যে হারে বায়ু দূষণ বাড়ছে, সেক্ষেত্রে এটি হতে পারে কার্যকর উপায়। এমনকি বিশেষজ্ঞদের মতে, এর ব্যবহার শুরু হলে অপরিশোধিত তেল আমদানির উপর চাপ অনেকটাই কমতে পারে।

আরও পড়ুন: ভারত থেকে E20 পেট্রোল কিনতে চাইছে না ভুটান, নেপথ্যে কী কারণ?

ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে চালু ই-২০ পেট্রোল। তবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় সম্প্রতি এই ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবিগুলো ছড়িয়ে পড়েছিল তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়ার পরেই নীতিন গড়করি এ কথা জানিয়েছেন। কিন্তু সম্প্রতি ১ লিটার ইথানল উৎপাদনে ১০,০০০ লিটার জল ব্যবহারের যে দাবি ভাইরাল হয়েছিল তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় মন্ত্রক, এবং তারপরই আইসোবিউটানল মেশানোর দাবি তুলেছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী। যদিও এখন তা অনুমোদনের অপেক্ষায়।

Leave a Comment