আনিষা চৌধুরী, কলকাতা: কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি ব্যক্তিত্ব মুথুস্বামী দীক্ষিতারের ২৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫০ টাকার বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। গত ৩ নভেম্বর, মঙ্গলবার বারাণসীর IIT-BHU-তে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) এই মুদ্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জগতে দীক্ষিতারের অসামান্য অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ।
এই মুদ্রার বৈশিষ্ট্য
IIT-BHU-এর সেন্টার অফ এক্সেলেন্স ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেমস-এর উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অজিত কুমার চতুর্বেদী এবং IIT-BHU-এর অধিকর্তা অধ্যাপক অমিত পাত্র। এদিন শুধু স্মারক মুদ্রা প্রকাশই নয়, দীক্ষিতারের জীবন, দর্শন এবং সংগীতজীবন নিয়ে লেখা আমরা গুরুগুহম পোত্রুভম (Amara Guruguham Potruvam) নামে একটি বইও প্রকাশ করেন অর্থমন্ত্রী।
১৭৭৫ সালে জন্মগ্রহণকারী মুথুস্বামী দীক্ষিতার ছিলেন একাধারে সংগীতকার, গায়ক এবং বীণাবাদক। ত্যাগরাজ ও শ্যামা শাস্ত্রীর সঙ্গে তাঁকে কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতের ত্রিমূর্তির অন্যতম বলে গণ্য করা হয়। তাঁর অধিকাংশ রচনা সংস্কৃত ভাষায়। রাগের বৈচিত্র্য, আধ্যাত্মিক ভাবনা এবং মন্দিরকেন্দ্রিক সংগীতচর্চার জন্য তাঁর সৃষ্টিগুলি আজও সমান জনপ্রিয়। নতুন প্রকাশিত মুদ্রায় তাঁরই প্রতিকৃতি স্থান পেয়েছে।
তবে এই ২৫০ টাকার মুদ্রা সাধারণ লেনদেনের জন্য তৈরি করা হয়নি। এটি একটি বিশেষ স্মারক মুদ্রা (Commemorative Coin), যা কোনও বিশিষ্ট ব্যক্তিত্ব বা গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে সৃষ্ট। কয়েনটির ওজন ৩৫ গ্রাম এবং এতে রয়েছে ৫০ শতাংশ রূপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক।
আরও পড়ুন: বাবরের নামে হচ্ছে না মসজিদ! মুখ্যমন্ত্রীকেই মান্যতা দিয়ে সুর নরম হুমায়ুন কবীরের
এদিনের অনুষ্ঠানে কর্ণাটকী সংগীতের ঐতিহ্য তুলে ধরতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সংগীতশিল্পী ড. সুমিত্রা বাসুদেবের পরিবেশনার পাশাপাশি বীণাবাদনও অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতীয় সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেন। তাঁর মতে, দেশের বিভিন্ন প্রান্তের সংগীতধারার সঙ্গে ছোট থেকেই পড়ুয়াদের পরিচিত করা প্রয়োজন।