অনন্যা সরকার, কলকাতা: ৬০ বছর বয়সের পর সাধারণত চাকরি থেকে অবসর নেন অধিকাংশ কর্মজীবী। তখন সরকারি কর্মচারীদের জন্য পেনশন (Pension) একটি বড় ভরসা। আর্থিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের পর একটি নির্দিষ্ট মাসিক পেনশন দেওয়া হয়, যা বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরা পান না। তবে এবার বেসরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এসেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO)। সংস্থাটি এখন পেনশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনার জন্য প্রস্তুতি নিচ্ছে।
ইপিএফও ৩.০-তে সবাই পাবেন পেনশন
ইপিএফও এই মুহূর্তে একটি সর্বজনীন পেনশন স্কিমের ওপর কাজ করছে, যার ফলে বেসরকারি সংস্থার কর্মচারী, ফ্রিল্যান্সার, গিগ ওয়ার্কার এবং ছোট ব্যবসার মালিকরাও এই পেনশন স্কিমের সুবিধা পাবেন। এই স্কিম বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের পাশাপাশি লক্ষ লক্ষ বেসরকারি ক্ষেত্রে কর্মরত মানুষ সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা পাবেন। তবে এই প্রস্তাব এখনও বিবেচনার পর্যায়ে রয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইপিএফও।
আরও পড়ুন: মিলবে ৭৮ হাজার টাকার সুবিধা, কেন্দ্রের আরও এক প্রকল্প চালু হল পশ্চিমবঙ্গে
ইপিএফও ৩.০ (EPFO 3.0)-এর অধীনে কেন্দ্রীয় সরকার দেশের নাগরিকদের জন্য বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে, যার মাধ্যমে সংগঠিত ক্ষেত্রের কর্মীদের পাশাপাশি প্ল্যাটফর্ম কর্মী, গিগ ওয়ার্কার এবং সেলফ-এমপ্লয়েড ব্যক্তিরাও পেনশনের সুবিধা পাবেন। নতুন কন্ট্রিবিউটরি পেনশন স্কিমের অধীনে, এবার থেকে কর্মজীবীদের দীর্ঘ সময়ের জন্য সরকারি স্কিমে বিনিয়োগ করতে হবে এবং বার্ষিক সুদ জমাতে হবে। ৬০ বছর বয়সে গিয়ে এই স্কিমটি টার্গেট রিটায়ারমেন্ট সাম (TRS)-এ রূপান্তরিত হবে। বেসরকারি কর্মচারীদের অবসরের সময় কত ফান্ড প্রয়োজন, তার ওপর নির্ভর করে তাঁকে ইপিএফও-তে মাসিক এবং বার্ষিক ভিত্তিতে সঞ্চয় করতে হবে। তিনি তাঁর নিজস্ব অ্যাকাউন্টের ডিজিটাল ড্যাশবোর্ডে আনুমানিক পেনশন, সঞ্চয়ের পরিমাণ এবং রিটিয়ারমেন্ট ফান্ডের মতো সমস্ত বিবরণগুলি দেখতে পাবেন।
বেসরকারি কর্মচারীদের জন্য আনা এই নয়া স্কিমে অবসরের পর পেনশন পাওয়ার ক্ষেত্রে দুটি অপশন থাকবে। অ্যানুইটি প্ল্যান এবং সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। এই দুইয়ের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন কর্মচারীরা। অ্যানুইটি প্ল্যান একটি নির্দিষ্ট মাসিক পেনশন প্রদান করবে, অন্যদিকে একটি সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান পেনশনভোগীকে তাঁর প্রয়োজন অনুযায়ী পেনশন ফান্ড থেকে টাকা তোলার সুযোগ দেবে।
আরও পড়ুন: অসংগঠিত কর্মীদের জন্য PF-র মতো সুবিধা! বড় প্ল্যান EPFO-র
এই স্কিমের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, এতে শুধু বেসরকারী কোম্পানি বা কর্মচারীরাই নয় বরং গিগ ওয়ার্কার, এনজিও, শ্রমিক এবং সিএসআর ফান্ডও যোগ দিতে পারবে। নতুন এই স্কিমটি ন্যাশনাল পেনশন সিস্টেমের (NPS)-এর থেকে ভিন্ন হবে। এনপিএস স্কিমের অধীনে, অবসরের পর অ্যানুইটি হিসাবে এককালীন একটি বড় অঙ্কের অর্থ পাওয়া যায়। তবে, নতুন ইপিএফও স্কিমে গ্রাহকরা ঠিক করতে পারবেন যে তারা তাঁদের সঞ্চিত অর্থ একবারে তুলে নেবেন, নাকি এর থেকে অর্জিত সুদ মাসিক পেনশন হিসাবে গ্রহণ করবেন।