সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি WhatsApp ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল একদম চমকপ্রদ খবর। এবার এই একটি অ্যাপের মাধ্যমেই কোটি কোটি মানুষ নিজেদের সবরকম বিল যেমন জল, বিদ্যুৎ, গ্যাস থেকে শুরু করে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।
এবার WhatsApp থেকেই হবে সব বিল পেমেন্ট!
সাধারণ মানুষ আগামী দিনে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বিদ্যুৎ ও জলের বিল সহ ৩০ ধরনের বিল পরিশোধ করা যাবে। বিভিন্ন রিপোর্ট অনুসারে, একটি নতুন ‘ইন-অ্যাপ পেমেন্ট ফিচার’ চালু করা হয়েছে। এই ফিচারের সাহায্যে, আপনি অ্যাপের মধ্যেই আপনার বিদ্যুৎ ও জলের বিল জানতে পারবেন এবং বিল পরিশোধ করার সুবিধাও পাবেন। এই ফিচারটি পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে এই সুবিধাটি সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য উপলব্ধ হতে পারে।
আরও কী কী সুবিধা মিলবে?
রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নতুন পরিষেবাটি ভারত কানেক্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা বিদ্যুৎ, জল, পাইপলাইন গ্যাস, ফাস্ট্যাগ রিচার্জ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন। ব্যবহারকারীরা বাড়ি ভাড়াসহ মোট ৩০ ধরনের বিল পরিশোধ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে ২২,৭২২ জন বিলারকে বিল পরিশোধের সুবিধা পাওয়া যাবে।
ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ খুলে হোম স্ক্রিনের উপরের দিকে থাকা ₹ (টাকা) আইকনে ট্যাপ করে বিল পেমেন্ট পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। এরপর তারা বিলের বিভাগ ও বিল প্রদানকারী নির্বাচন করে, অ্যাকাউন্টের বিবরণ লিখে, নিশ্চিত করে এবং পেমেন্ট করার আগে স্ক্রিনে প্রদর্শিত বিলের পরিমাণ পুনরায় যাচাই করে নিতে পারবেন। আরেকটি দারুণ ফিচার হলো “Household Bills Summary”। এখানে আগের বিলগুলো অটোমেটিকভাবে চলে আসবে এবং আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগে যাদের বিল পরিশোধ করেছেন, তারা পেমেন্টস হোম স্ক্রিনে এক-ট্যাপ অ্যাক্সেস সহ উপস্থিত হবে। হোয়াটসঅ্যাপ বলছে, ব্যবহারকারীরা একজন বিলারের অধীনে একাধিক অ্যাকাউন্টও পরিচালনা করতে পারবেন, যার ফলে বাড়ি, অফিস বা পরিবারের সদস্যদের বিল এক জায়গা থেকেই পরিশোধ করা আরও সহজ হবে।