সৌভিক মুখার্জী, কলকাতা: মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের (Camac Street) পার্টি অফিস কবে খুলবে তা নিয়ে এবার রাজ্যের রিপোর্ট তলব করল আদালত। এর আগে ওই পার্টি অফিসে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং বিভিন্ন ত্রুটির অভিযোগে তা বন্ধ করার নির্দেশ দেয় দমকল। কিন্তু অফিসটি যাতে দ্রুত খোলা হয়, সেই আর্জি জানিয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। তবে এদিন মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছে অবকাশকালীন বেঞ্চ। জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৩ নভেম্বর।
অভিষেকের পার্টি অফিস কবে খুলবে তা নিয়ে রাজ্যের রিপোর্ট তলব আদালতের
এদিন মামলাকারীর তরফ থেকে আদালতে জানানো হয় যে গত ৩ সেপ্টেম্বর থেকেই এই অফিস বন্ধ করেছে দমকল। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। কারণ, ভিতরে লাইট-ফ্যান সবকিছুই চালু রয়েছে। সেক্ষেত্রে একদিকে যেমন বিদ্যুতের খরচ বাড়ছে, অন্যদিকে ফরেনসিক পরীক্ষার কথা বলা হলেও রাজ্য সরকারের তরফ থেকে তা করা হয়নি। অবিলম্বে যাতে ওই পার্টি অফিস খুলে দেওয়া হয় সেই দাবি জানানো হয়েছে। সেই কারণেই বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। তবে বিচারপতি সেই আবেদন নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটের ৯ নম্বর বিল্ডিং এর সপ্তম ও অষ্টম তলায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস। তবে রাজ্যে পালাবদলের পর এই অফিসে ঘরেই চলছে আইনি লড়াই। এখানকার বিলবোর্ড বেআইনিভাবে লাগানো, এই দাবি তুলে পুরসভার আধিকারিকরা পুলিশ নিয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জড়িয়ে পড়েন বচসায়। এমনকি সেখানে ধস্তাধস্তি পর্যন্ত হয়। তবে সেই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হলে সুরাহা না মেলার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: এনকাউন্টার হবেন অভিষেকের PA সুমিত রায়? স্ত্রীয়ের আবেদন খারিজ করে জানাল হাইকোর্ট
এদিকে এই ভবন নিয়ে পরে দমকল বিভাগের তরফ থেকে নোটিশ দিয়ে বলা হয় যে সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। সেক্ষেত্রে অবিলম্বে ওই দফতর খালি করার নির্দেশ দেওয়া হয়। তবে ১১ সেপ্টেম্বর বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ দমকলের ওই নোটিশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। যদিও তৃণমূলের তরফ থেকে এই অফিসের মালিক পক্ষের থেকে কমপ্লেশন সার্টিফিকেট পাওয়ার পর দফতর হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু সেই পার্টি অফিস পুনরায় খোলার দাবি জানিয়েই এবার আদালতের দ্বারস্থ তৃণমূল।