বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর নিলেন রুট (Root Retirement)। পেশাদার ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত ইংল্যান্ড তারকার। ইতিমধ্যেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। নেট দুনিয়ায় আবেগ তাড়িত হয়ে পোস্ট করে রুট বলেছেন, 14 বছরের দীর্ঘ পেশাদার ক্রিকেট জীবন এখানেই শেষ হচ্ছে তাঁর। হ্যাঁ, টেস্ট ক্রিকেটের দাপুটে ব্যাটসম্যান তথা ইংল্যান্ডের স্বনামধন্য ক্রিকেটার জো রুটের ভাই বিলি রুট (Billy Root) পেশাদার ক্রিকেটে আর থাকছেন না। দাদার পাহাড় প্রমাণ সাফল্যের মাঝে নিজেকে সরিয়ে নেওয়ারই সিদ্ধান্ত নিলেন তিনি।
34 বছর বয়সেই অবসর নিলেন রুট
দাদা জো রুট সম্প্রতি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ জিতিয়েছেন। ভেঙেছেন সচিন তেন্ডুলকরের একের পর এক রেকর্ড। লাল বলের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। সেই আবহে 34 বছর বয়সে নিজের পেশাদার ক্রিকেট জীবনে দাড়ি টানলেন ভাই বিলি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অবসরের কথা জানাতে গিয়ে তিনি বলেছেন, “অবশেষে জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছি। পেশাদার ক্রিকেটে থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলাম।”
রুট আরও বলেন, “দুটি দুর্দান্ত ক্লাবের হয়ে খেলতে পারাটা সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতা ছিল। তাদের সাথে থেকে চারটি ট্রফি জিততে পেরেছি। একেবারে ছোটবেলা থেকে যে জিনিসটা নিয়ে ভাবতাম, সেখানেই নিজের কেরিয়ার গড়ে তুলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।” বলাই বাহুল্য, নটিংহ্যামশায়ারের হয়ে পেশাদার ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল রুটের। 2017 সালে জোড়া শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে গ্ল্যামরগানে নাম লিখিয়েছিলেন ইংলিশ খেলোয়াড়।
আরও পড়ুন: ব্রাজিলকে ৩ গোল খাইয়েও হেরে গেল ভারত, ৪-৩ ব্যবধানে জয় রোনাল্ডিনহোদের
একটা সময় দাদা জো রুটের সাথে শেফিল্ড কলেজিয়েট সিসিতেও খেলেছিলেন ভাই বিলি। 2013 সালে দাদার সাথে ব্যাট হাতে মাঠে নেমে পড়েছিলেন তিনিও। লর্ডসের মাঠে দুই ভাইয়ের ক্রিকেট খেলার দৃশ্য আজও মনে রয়েছে ইংল্যান্ডের ভক্তদের। একটা সময় দাদা জো রুটের জন্য ক্রিকেটে বেশি পরিচিতি পাওয়ায় খানিকটা হতাশই হয়েছিলেন বিলি। সে কারণেই নিজের ক্ষমতায় ক্রিকেটে পরিচয় গড়তে চেয়েছিলেন এই ইংল্যান্ড তারকা। সেই রুটই এবার পেশাদার ক্রিকেট থেকে হাত গুটিয়ে নিলেন।