প্রীতি পোদ্দার, কলকাতা: ফের রাজ্যে চাকরি দুর্নীতির অভিযোগ, বিধায়কের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এবং পরিচিত ২০ জনের সরকারি চাকরির ব্যবস্থাও করে দেওয়ার আশ্বাস দিয়ে ঘাটালের (Ghatal) এক তৃণমূল নেতার কাছ থেকে হাতানো হল কোটি কোটি টাকা। ব্যাপক শোরগোল শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে।
চাকরি দুর্নীতির অভিযোগ
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর বিভাসচন্দ্র ঘোষ অভিযোগ জানিয়েছিলেন যে IPAC-এ কর্মরত এক ব্যক্তি তাঁকে ফোন করে দাসপুরের MLA পদ দেওয়ার লোভ দেখিয়েছিলেন। শুধু তাই নয়, পরিচিত ২০ জনের চাকরির ব্যবস্থাও করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তার বদলে ওই তৃণমূল নেতার কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেওয়া হয়েছিল। সব মিলিয়ে ২ কোটি টাকা চাওয়ার অভিযোগ ওঠে ওই IPAC কর্মীর বিরুদ্ধে। আর এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
IPAC-এর তরফে মেলেনি প্রতিক্রিয়া
ঘাটালের প্রাক্তন চেয়ারম্যানের এই অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠে আসছে। অনেকের দাবি, বিধায়কের টিকিট পাইয়ে দেওয়া থেকে শুরু করে চাকরির প্রতিশ্রুতি, তার বিনিময়ে কোটি কোটি টাকা চাওয়ার অভিযোগের পিছনে কি কোনও প্রভাবশালী নেতার হাত ছিল? নাকি এই অভিযোগের পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য? তবে সত্যিটা এখনও কিছু জানা যায়নি। এমনকি ওই IPAC কর্মীর পরিচয়ও সঠিক জানা যায়নি। যদিও এই অভিযোগের বিষয়ে IPAC-এর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার এই অভিযোগকে ঘিরে নতুন কোনো তথ্য ফাঁস হয় কিনা।
আরও পড়ুন: একধাক্কায় SLST-তে প্রার্থীপদ বাতিল ১৬ জনের, নিয়োগ নিয়ে বড় পদক্ষেপ SSC-র
এর আগে, চাকরি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর বিভাসচন্দ্র ঘোষ। জানা গিয়েছিল তিনি নাকি ভুয়ো চিঠি দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা তুলেছিলেন। পাশাপাশি আরও অনেকের কাছ থেকে টাকা তোলার অভিযোগও উঠছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে তিনি জালিয়াতি করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছিল।