সহেলি মিত্র, কলকাতাঃ সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা সংক্রান্ত খরচ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার ককলিয়ার ইমপ্লান্ট (Cochlear Implant) অস্ত্রোপচার এবং পরবর্তী পুনর্বাসনের জন্য সংশোধিত আর্থিক সীমা ও নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ৯ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা একটি নির্দেশিকার মাধ্যমে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে শ্রবণশক্তি হারানো শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে চিকিৎসার সুযোগ পাবেন। বিশেষ করে প্রাক-ভাষাগত (Pre-lingual) এবং ভাষা অর্জনের পর শ্রবণশক্তি হারানো (Post-lingual) ব্যক্তিদের জন্য আলাদা আর্থিক সীমা নির্ধারণ করা হয়েছে।
বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের EHS বিভাগ থেকে জারি করা এই নির্দেশিকা CGHS এবং Central Services (Medical Attendance) Rules, 1944-এর আওতায় থাকা যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবে। ২০০৯ সালের ১২ জুন জারি করা পুরনো নির্দেশিকার পরিবর্তে প্রযুক্তিগত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সংশোধিত নিয়ম কার্যকর করা হয়েছে।
ককলিয়ার ইমপ্লান্টের জন্য কারা পাবেন চিকিৎসার সুবিধা?
নতুন নির্দেশিকায় ককলিয়ার ইমপ্লান্টের জন্য যোগ্যতার ক্ষেত্রে দুটি পৃথক বিভাগ রাখা হয়েছে। প্রথমটি হল Pre-lingual deafness এবং দ্বিতীয়টি Post-lingual deafness। প্রাক-ভাষাগত শ্রবণশক্তি হারানোর ক্ষেত্রে ৯ মাস থেকে ৭ বছর বয়সি শিশুদের জন্য এই চিকিৎসার সুযোগ রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট শিশুর দুই কানে গুরুতর থেকে অত্যন্ত গুরুতর মাত্রার সেন্সরিনিউরাল শ্রবণশক্তির সমস্যা থাকতে হবে। পাশাপাশি অস্ত্রোপচারের আগে ৩ থেকে ৬ মাস হিয়ারিং এইড ব্যবহার করে দেখতে হবে। তাতে উল্লেখযোগ্য উন্নতি না হলে ককলিয়ার ইমপ্লান্টের বিষয়টি বিবেচনা করা হবে।
আরও পড়ুনঃ সিবিআই-র উদ্ধার করা OMR-র ভিত্তিতেই নিয়োগ? মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি আন্দোলনকারীদের
এছাড়া সংশ্লিষ্ট শিশুর বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা, সক্রিয় মধ্যকর্ণের সংক্রমণ, ককলিয়ার অ্যাপ্লাসিয়া, ককলিয়ার নার্ভের অনুপস্থিতি, রেট্রোককলিয়ার ক্ষত বা কেন্দ্রীয় বধিরতার মতো সমস্যা থাকা চলবে না। কানের পর্দায় কোনও ছিদ্র থাকলে অস্ত্রোপচারের অন্তত তিন মাস আগে সেটি বন্ধ করতে হবে। পাশাপাশি শিশুর পরিবারের পর্যাপ্ত সহযোগিতা এবং পরবর্তী পুনর্বাসনের প্রতি আগ্রহ থাকাও বাধ্যতামূলক।
অন্যদিকে, Post-lingual deafness বা ভাষা অর্জনের পর শ্রবণশক্তি হারানোর ক্ষেত্রে বয়সের কোনও নির্দিষ্ট সীমা রাখা হয়নি। অর্থাৎ, বয়স নির্বিশেষে দুই কানে গুরুতর সেন্সরিনিউরাল শ্রবণশক্তি হারানোর সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই চিকিৎসার জন্য বিবেচিত হতে পারেন।
কোন হাসপাতালে হবে অস্ত্রোপচার?
নির্দেশিকা অনুযায়ী, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) অনুমোদিত মাল্টিচ্যানেল ককলিয়ার ইমপ্লান্ট ব্যবহার করা যাবে। যোগ্য উপভোক্তারা সরকারি হাসপাতাল, AIIMS, ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইমপর্ট্যান্স (INI), স্বশাসিত সরকারি হাসপাতাল এবং CGHS বা CS(MA)-এর আওতাভুক্ত স্বীকৃত হাসপাতাল থেকে এই অস্ত্রোপচার করাতে পারবেন।
তবে শুধুমাত্র অস্ত্রোপচার করলেই হবে না। সংশ্লিষ্ট হাসপাতালে প্রয়োজনীয় ইমপ্লান্টের পরিকাঠামো, প্রশিক্ষিত স্পিচ থেরাপিস্ট এবং শ্রবণশক্তি পুনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে। অস্ত্রোপচারের পরে রোগীর শ্রবণশক্তি ও কথা বলার দক্ষতা উন্নত করার জন্য অডিটরি-ভার্বাল থেরাপি অথবা অন্যান্য প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থাও রাখতে হবে। অস্ত্রোপচারের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সেগুলি হল Pure-tone/Speech and Impedance Audiometry, Otoacoustic Emissions (OAE), Brain Stem Evoked Response Audiometry (BERA), Auditory Steady-State Response (ASSR), High-resolution Temporal-bone CT এবং 3D MRI। প্রাক-ভাষাগত শ্রবণশক্তি হারানোর ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক মূল্যায়নও করাতে হবে।
কত টাকা দেবে কেন্দ্র?
নতুন নির্দেশিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ককলিয়ার ইমপ্লান্টের জন্য চিকিৎসার খরচের সর্বোচ্চ সীমা নির্ধারণ। কেন্দ্রীয় সরকার প্রাক-ভাষাগত এবং ভাষা অর্জনের পর শ্রবণশক্তি হারানো ব্যক্তিদের জন্য আলাদা প্যাকেজ নির্ধারণ করেছে।
Pre-lingual deafness -র জন্য ৭,০০,০০০ টাকা এবং Post-lingual deafness-র জন্য ৬,০০,০০০ টাকা দেবে সরকার এই দুটি প্যাকেজের মধ্যেই GST অন্তর্ভুক্ত রয়েছে। তবে এক কানে ইমপ্লান্ট বসানোর ক্ষেত্রে প্রকৃত অনুমোদিত চিকিৎসা খরচ অথবা নির্ধারিত প্যাকেজের সর্বোচ্চ সীমা—যেটি কম হবে, সেই অনুযায়ী অর্থ প্রদান করা হবে। এই প্যাকেজের মধ্যে রোগীর মূল্যায়ন ও প্রয়োজনীয় পরীক্ষা, সম্পূর্ণ ককলিয়ার ইমপ্লান্ট সিস্টেম, অভ্যন্তরীণ ইমপ্লান্ট বা ইলেকট্রোড অ্যারে, বাহ্যিক স্পিচ প্রসেসর, মাইক্রোফোন, ট্রান্সমিটিং কয়েল, প্রয়োজনীয় অ্যাকসেসরিজ, ব্যাটারি বা রিচার্জেবল পাওয়ার ব্যবস্থা এবং চার্জার অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ওয়ারেন্টি, প্রথম বছরের ভোগ্যপণ্য, অস্ত্রোপচারের খরচ, চিকিৎসক ও অ্যানাস্থেশিয়ার খরচ, অপারেশন থিয়েটার, হাসপাতালে ভর্তি, নার্সিং, ওষুধপত্র, প্রয়োজনীয় পরীক্ষা এবং অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসার খরচও এই প্যাকেজের আওতায় রাখা হয়েছে।