বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা আশঙ্কা ছিল সেটাই হল। হাঁটুর চোট নিয়ে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হিসেবে পরিচিত টিম ইন্ডিয়ার তারকা পেসার হর্ষিত রানা (Harshit Rana)। নিউজ 24 এর এক প্রতিবেদন অনুযায়ী, চোট যন্ত্রণায় কাতর খেলোয়াড়। তাই এবারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না রানার। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে ওঠার ঠিক আগে রানার মতো প্লেয়ারের বাদ পড়া ভারতীয় দলের জন্য বিরাট ধাক্কা বলাই যায়।
রানার চোট বিপদে ফেলবে ভারতকে?
বিশ্বকাপ শুরুর আগেই চোটে ভুগেছেন ভারতীয় দলের প্লেয়াররা। এইতো কিছুদিন আগে বিজয় হাজারে ট্রফি চলাকালীন চোট পেয়েছিলেন তিলক বর্মা। যার কারণে নিউজিল্যান্ড সিরিজে অংশ নিতে পারেননি তিনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে দীর্ঘ অনুশীলনের পর অবশেষে বিশ্বকাপে নামতে চলেছেন এই তারকা ক্রিকেটার। এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। তিনি আদৌ বিশ্বকাপে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়।
আরও পড়ুনঃ জুম্মার নামাজের পর পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ! ইসলামাবাদে মৃত্যু অন্তত ১০, আহত অনেক
এরই মাঝে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে আচমকা হাঁটুতে জোরালো চোট পান রানা। তড়িঘড়ি মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এদিন মাঠ ছাড়ার আগে রানাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল। আর তারপরই অনেকেই সংশয়ে ছিলেন আদৌ বিশ্বকাপে খেলতে পারবেন তো রানা! জানা গিয়েছে, ভারতীয় প্লেয়ারকে নিয়ে টানা হেচড়া করতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই খেলোয়াড়কে চোট মুক্ত করতেই তাঁকে বিশ্বকাপের সময় বিশ্রাম দিতে চায় BCCI। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা হবে খুব শীঘ্রই। তবে রানাকে ছাড়া বিশ্বকাপে কিছুটা হলেও বিপদ বাড়বে টিম ইন্ডিয়ার, মনে করছেন কেউ কেউ।
অবশ্যই পড়ুন: আজই শহরে ইস্টবেঙ্গলের নতুন দাপুটে স্ট্রাইকার, আগমন হবে আরও এক চেনা মুখের
প্রসঙ্গত, সম্প্রতি বল হাতে মাঠে নিজের ক্ষমতা জাহির করেছেন রানা। প্রায় প্রত্যেক ম্যাচেই ভারতের হয়ে উইকেট তোলার আপ্রাণ চেষ্টা করেছেন তিনি। এসেছে সাফল্যও। সাম্প্রতিক নিউজিল্যান্ড সিরিজেও নিজের বোলিং দিয়ে প্রতিপক্ষের মুখ বন্ধ করে দিয়েছিলেন রানা। এহেন একজন খেলোয়াড়ের বিশ্বকাপে না থাকা টিম ইন্ডিয়ার জন্য বড়সড় ক্ষতি, তা বলার অপেক্ষা রাখে না।