বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডিসেম্বরেই বাংলাদেশে (Bangladesh) ফিরবেন শেখ হাসিনা। ইতিমধ্যেই বেশ কয়েকবার সেই ঘোষণা করেছেন তিনি। আর তার আগেই উত্তাল পদ্মা পাড়ের দেশ। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের প্রাক্কালে সোমবার রাত থেকে ওপার বাংলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে নেত্রকোনা থেকে শুরু করে গাজীপুর, নারায়ণগঞ্জের মতো জায়গাগুলিতে। বিশেষ করে নেত্রকোনায় একটি ট্রেনে অগ্নিসংযোগের খবর সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছে সেনাবাহিনী।
বাংলাদেশে নামলো সেনা
শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগে ওপার বাংলায় একটা বড়সড় উত্তেজনার আশঙ্কা ছিল প্রথম থেকেই। এরই মাঝে পোশাক শ্রমিকরা নিজেদের অধিকারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাংলাদেশের বিভিন্ন এলাকায়। সেই বিক্ষোভ ক্রমশ তীব্রতার হচ্ছিল। পরিস্থিতি ক্রমশ বেগতিক হওয়ায় বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছে 670 এরও বেশি পোশাক কারখানা।
বাংলাদেশের শ্রমিকদের দাবি, তাঁদের বর্তমান ন্যূনতম বেতন 12,500 টাকা থেকে বাড়িয়ে 30 হাজার টাকা করতে হবে। শ্রমিকদের দাবি, বাংলাদেশে যেভাবে আনাজ থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে তাতে এই সামান্য অর্থে সংসার চালানো সম্ভব নয়! সে কারণেই বেতন বৃদ্ধি থেকে শুরু করে ভাতা বৃদ্ধির মতো একাধিক দাবি নিয়ে ক্রমাগত বিক্ষোভ দেখাচ্ছেন পোশাক শিল্পের শ্রমিকরা। কারখানার মালিকরা 25 শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব দিলেও তাতে রাজি হননি তাঁরা। আর এসব নিয়ে ক্রমশ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গতকাল বাংলাদেশের ফরিদপুরে একটি বাসে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। যে ঘটনায় গাড়ির ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় চালকের। শুধু তাই নয়, বেশ কয়েকটি জায়গায় হাতে বানানো বোমা হামলারও অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, মঙ্গলবার নেত্রকোণার মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেন কয়েকজন দুষ্কৃতী।
আরও পড়ুন: ছাড়লে হবে বড় ভুল! IPL 2027 এ এই দুই প্লেয়ারকে ধরে রাখা জরুরী KKR-র
যা খবর, ট্রেনে অগ্নি সংযোগের আগেই যাত্রীরা স্টেশনে নেমে গিয়েছিলেন। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্টেশনে ট্রেনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় দ্রুত সেখানে পৌঁছয় দমকল। এছাড়াও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হামলার অভিযোগ উঠেছে কিছু বিক্ষোভকারীর বিরুদ্ধে। সবমিলিয়ে মঙ্গলবার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতেই ঢাকা, গাজিপুর ও নারায়ণগঞ্জের মতো জায়গাগুলিতে নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য তথা সেনা জওয়ানদের।