বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল সরকারকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টির সরকারকে (Government Of West Bengal) প্রতিষ্ঠা করেছে সাধারণ মানুষ। আর রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই একে একে ফাইল খুলছে তৃণমূল আমলের একের পর এক দুর্নীতি কান্ডের। এরই মাঝে দলের একাংশকে সতর্ক করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর একেবারে স্পষ্ট বক্তব্য, মানুষ কেন বিজেপিকে বেছে নিয়েছে সেটা ভুলে গেলে চলবে না! সম্প্রতি শমীক বাবু বিজেপিতে তৃণমূলীকরণ নিয়ে মুখ খুলে বলেন, “বিজেপিতে তৃণমূলীকরণ হলে বিজেপি থাকবে না। এটা হবেই না।”
দলের একাংশকে সতর্ক করে ফের বড় মন্তব্য শামীকের
রাজ্যে পালাবদলের পরই একশ্রেণীর তৃণমূল কর্মী সরাসরি শাসকদল বিজেপিতে যোগদান করার চেষ্টা করছেন। কিছু ক্ষেত্রে আবার অভিযোগ অনেকেই নিজেদের বিজেপি নেতা হিসেবে ঘোষণা করে দিয়েছেন! এই সব স্বঘোষিত বিজেপিদের নিয়ে আগেই মুখ খুলেছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। শনিবার, নতুন করে দলের একাংশকে সতর্ক করলেন শমীক ভট্টাচার্য।
বিজেপির রাজ্য সভাপতি বললেন, “দু-একটা জায়গায় বিচ্যুতি আছে আমাদের কর্মীদের মধ্যে। তাঁরা নিজেদের সংশোধন করে নেবেন। বিজেপির তৃণমূলীকরণ হয় না, হতে পারে না। সেটা হলে আর বিজেপি থাকবে না। সুতরাং এটা হবেই না।” এদিন নিজের দলের একাংশের নেতাকর্মীদের নাম না করে কটাক্ষ করেন শমীক ভট্টাচার্য। বলেন, “কেউ কেউ নিজেদের এলাকার কাউন্সিলর বলে ঘোষণা করে দিয়েছেন।”
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের সমালোচনা করে অবশেষে দল ছাড়ার কারণ জানালেন অস্কার
বিজেপির রাজ্যসভার সাংসদ শনিবার রাজারহাটের এক অনুষ্ঠানে অংশ নিয়ে সর্বসমক্ষে বলেছিলেন, “সব কিছুর সমাধান করা সম্ভব হয়নি। আমি যদি আপনাদের বলি রাজ্যের সমস্ত জায়গায় তোলাবাজি বন্ধ করে দিতে পেরেছি, তাহলে সেটা মিথ্যাচার হবে। বিচ্যুতি রয়েই গেছে। আসলে একটা সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে বাংলায়। শুধুমাত্র ক্ষমতার পট বদল হলেই যে সবকিছু পরিবর্তন হয়ে যাবে এমনটা নয়।”