অনন্যা সরকার, ত্রিপুরা: সম্প্রতি ত্রিপুরার রাজধানী আগরতলায় এক সদ্যজাত শিশুকে (Newborn Baby) ঘিরে জনমানসে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। জানা গেছে বুধবার, বিজয়া দশমীর দিন জন্মগ্রহণকারী ওই নবজাতকের মুখে জন্মের মুহূর্ত থেকেই গোঁফের মতো লোমের একটি পুরু রেখা রয়েছে, যা এতটুকু শিশুর ক্ষেত্রে একেবারেই স্বাভাবিক নয়। তাই এই বিরল ঘটনাটি পরিবার এবং স্থানীয় চিকিৎসকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। শিশুটির ছবি ও ভিডিও (ঘটনার সত্যতা যাচাই করা হয়নি) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
সাধারণত সদ্যজাত শিশুর শরীরে সূক্ষ্ম লোমের উপস্থিতি খুবই স্বাভাবিক বিষয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘লানুগো’ (Lanugo)। গর্ভাবস্থায় ভ্রূণের শরীরে চতুর্থ মাস নাগাদ এই নরম ও সূক্ষ্ম লোম গজাতে শুরু করে, যা মূলত শিশুর ত্বককে সুরক্ষা দেওয়ার কাজ করে। সাধারণত জন্মের আগেই এই লোমগুলো প্রাকৃতিকভাবে ঝরে যায়।
তবে কিছু ক্ষেত্রে, বিশেষ করে হরমোনের তারতম্যের কারণে কিংবা শিশুটি নির্ধারিত সময়ের আগেই জন্মগ্রহণ করলে ঠোঁট, গাল বা কাঁধের ওপর এই লোমগুলো থেকে যেতে পারে। কিন্তু ভিডিওতে দেখতে পাওয়া শিশুটির গোঁফের রেখাটি খুবই সুস্পষ্ট। তাই ঘটনাটি প্রকাশ্যে আসতেই দ্রুত নবজাতকের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। এর পেছনে আদতে কী কারণ রয়েছে, তা এখনো জানা যায়নি।
আরও পড়ুন: রেশনে প্রতি সপ্তাহে মিলবে চাল, ডাল, তেল, সোয়াবিন! কারা পাবেন? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, জন্মের পর শিশুর গায়ে অস্বাভাবিক লোম দেখা গেলে চিকিৎসকরা অভিভাবকদের কঠোরভাবে পরামর্শ দেন যে, বাচ্চার কোমল ত্বকে জোরে ঘষাঘষি করা, লোম দূর করার জন্য কোনো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা কিংবা রেজার, কাঁচি ব্যবহার করা – এসব থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কাজ করলে শিশুর অতি সংবেদনশীল ত্বকে মারাত্মক সংক্রমণের ঝুঁকি থেকে যায়, এমনকি বড় ধরনের ক্ষতিও হতে পারে।
তবে বর্তমানে নির্দিষ্ট কারণ জানতে না পারা গেলেও, সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি নিয়ে নেট নাগরিকদের কৌতূহল তুঙ্গে। অনেকেই নবজাতকের মুখে গোঁফ দেখে হতবাক, আবার কেউ কেউ ঘটনাটি নিয়ে মজার ছলে দু একটি মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। এদিকে, কিছু নেট নাগরিক ঘটনাটিকে সত্য বলে মনেই করছেন না, তাদের মতে ভিডিও এবং ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত।