বিক্রম ব্যানার্জী, কলকাতা: কোয়াড শীর্ষ সম্মেলনের (Quad) আগে ভারত, আমেরিকা সহ চার দেশকে কড়া বার্তা দিল চিন (China)। দক্ষিণ চিন সাগর নিয়ে কোনও বিতর্ককে আন্তর্জাতিক স্তরে তুলে না ধরার জন্য চারটি দেশকে সতর্ক করেছে ড্রাগন। চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ চিন সাগরের কোনও বিষয়ে হস্তক্ষেপ করলে তার কড়া বিরোধিতা করবে বেইজিং। চিনের এই হুঁশিয়ারি ভারত, আমেরিকার পাশাপাশি জাপান এবং অস্ট্রেলিয়ার জন্য বেশ খানিকটা চিন্তার উদ্রেক ঘটিয়েছে।
চার কোয়াড দেশকে কড়া বার্তা চিনের
টানা দু’বছর পর মুখোমুখি হতে চলেছেন কোয়াডের চার দেশের শীর্ষ নেতারা। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আসিয়ান বৈঠকের পাশাপাশি আগামী 16-17 নভেম্বর কোয়াডের শীর্ষ সম্মেলন হওয়ার কথা। সেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অস্ট্রেলিয়া, জাপানের শীর্ষ নেতারা। ঠিক সেই সম্মেলনের আগে কোয়াডের দেশগুলিকে কটাক্ষ করে বসল ড্রাগন।
গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ চিন সাগরের বিষয়কে সামনে রেখে যদি কোনও দেশ চিনের অভ্যন্তরীণ এবং আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে তা মেনে নেবে না বেইজিং। চিনের মূল বক্তব্য, কোয়াডকে কাজে লাগিয়ে আমেরিকা এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এমনিতেও দক্ষিণ চিন সাগরকে ঘিরে চিন ও ফিলিপিন্সের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঠিক সেই আবহে কোয়াডের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন: ‘জল বন্ধ করলে শ্বাসরোধ করে দেব’ পাকিস্তানের হুমকির পর এবার যা করল ভারত!
চিন বিশেষ করে ভারতকে নিশানায় রেখে জানিয়েছে, ভারত যেন কোনও চিন বিরোধী কার্যকলাপে অংশগ্রহণ না করে। ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ বা স্ট্র্যাটেজিক অটোনোমি নীতির কথাও তুলে ধরেছে বেইজিং। সব মিলিয়ে বলাই যায়, শি জিনপিং এবং মোদির বৈঠকের ঠিক আগেই দক্ষিণ চিন সাগর নিয়ে বাকিদের পাশাপাশি ভারতকে একটা হুঁশিয়ারিই দিল ড্রাগনের দেশ।