দরপত্র ছাড়া ইসকনকে বরাত! হাইকোর্টের দ্বারস্থ মিড ডে মিল কর্মী সংগঠন

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকার গঠন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, এবার রাজ্যের স্কুলগুলোতে মিড ডে মিলের (Mid Day Meal) দায়িত্ব দেওয়া হবে ইসকনকে। প্রথম ধাপে কলকাতা সংলগ্ন স্কুলগুলির দায়িত্ব পাবে ইসকন। পরে রাজ্যের অন্যান্য জেলাতেও দায়িত্ব দেওয়া হবে। এমনকি সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্ব নিচ্ছে ইসকন। তবে দরপত্র ছাড়াই ইসকনকে দায়িত্ব দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্যের মিড ডে মিল কর্মচারী ইউনিয়ন।

হাইকোর্টের দ্বারস্থ মিড ডে মিল কর্মচারী ইউনিয়ন

ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হবে, এই ঘোষণা থেকেই রাজ্যজুড়ে চলছে বিতর্ক। বিরোধীদের দাবি, পড়ুয়াদের প্রোটিনের প্রধান উৎস ডিম এবার থেকে আর পাতে পড়বে না। যদিও মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, ইসকনকে দায়িত্ব দেওয়া হলেও মিড ডে মিলে দেওয়া হবে ডিম। সেই মতো আগামীকাল অর্থাৎ ১ আগস্ট থেকে কলকাতা পুরসভা এলাকার সরকারি এবং সরকারপোষিত সমস্ত স্কুলগুলির মিড ডে মিলের খাবার সরবরাহ করবে ইসকন। আপাতত পাইলট প্রোজেক্ট হিসেবেই শুরু হচ্ছে এই প্রকল্প। সফল হলেই তা গোটা রাজ্যে চালু করা হবে।

তবে শুক্রবার পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের তরফ থেকে আইনজীবী ঋতঙ্কর দাসের করা মামলার শুনানি হয় বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। এদিকে গত ৮ জুলাই এক আইনজীবী হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এ বিষয়ে মামলা করে। কিন্তু সেই সময় বেঞ্চ জানিয়েছিল, ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হচ্ছে এ বিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। মুখ্যমন্ত্রীর ঘোষণার ভিত্তিতে এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু আজ বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানান, আগামী আগস্ট মাসেই ৮ জুলাইয়ের মামলার সঙ্গে যুক্ত করে আজকের মামলার শুনানি হবে।

আরও পড়ুন: টুলু মণ্ডলের সম্পত্তির খতিয়ান প্রকাশ মুখ্যমন্ত্রীর, নেওয়া হবে কড়া অ্যাকশন

এ বিষয়ে পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক মধুমিতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে জানান, “দরপত্র ছাড়া এইভাবে ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া যায় না। এটা আসলে বেআইনি। এরকমভাবে কোনও প্রকল্পকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার অধিকার রাজ্য সরকারের হাতে নেই। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আশা করছি আদালত আমাদের পক্ষে রায় দেবে।” এখন এই দুই মামলাকে একসঙ্গে যুক্ত করেই আগামী আগস্টে তার শুনানি হবে বলেই জানিয়েছেন বিচারপতি।

Leave a Comment