অনন্যা সরকার, তামিলনাড়ু: কয়েক সপ্তাহ পরেই আলোর উৎসবে মেতে উঠবে সারা দেশ। অনেক সময় দেখা যায় মধ্যবিত্ত ভারতীয় পরিবারে দীপাবলির আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ফলে ধরাবাঁধা বাজেটের ওপর চাপ সৃষ্টি হয়। সেই চাপ লাঘব করতে এ বছর তামিলনাড়ু সরকার একটি বিশেষ খাদ্য সামগ্রীর প্যাকেজ (Diwali Grocery Package) চালু করছে। শুক্রবার, ৩০ অক্টোবর থেকে সে রাজ্যের সমবায় দোকানগুলোর (Cooperative Shops) মাধ্যমে ২০০ টাকায় ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই প্যাকেজটি পাওয়া যাবে। কী কী থাকছে প্যাকেজে আসুন দেখে নেওয়া যাক।
দীপাবলি উপলক্ষে তামিলনাড়ু সরকারের বিশেষ উদ্যোগ
উৎসবের মরসুমে সাধারণত পারিবারিক খরচ অনেকটাই বেড়ে যায়। সেই কথা ভেবেই দীপাবলি উপলক্ষে তামিলনাড়ু সরকার বিশেষ প্যাকেজটি চালু করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো রান্নার জন্য প্রয়োজনীয় সামগ্রী যাতে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, তা নিশ্চিত করা। এই প্যাকেজে থাকবে মুগ ডাল, বিউলির ডাল, ছোলার ডাল, ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, রসুন, তেঁতুল এবং সর্ষে।
এই নতুন ২০০ টাকার প্যাকেজটি বর্তমানে চালু থাকা ৫০০ টাকার গ্রসারি প্যাকেজের পাশাপাশি পাওয়া যাবে, যার ফলে ক্রেতারা উৎসবের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সামগ্রী আরও সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন।
আরও পড়ুন: ২০০ টাকার লটারিতে ৫০ লাখের গাড়ি জয়, ৬ বছরের খুদের ভাগ্যে সেরা পুরস্কার
তামিলনাড়ু সরকার তাদের সমবায় খুচরা বিক্রয় নেটওয়ার্ককে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়। এছাড়াও, সমবায় কেন্দ্র এবং ‘আমুধাম’ (Amudham) দোকানেও প্রতি কেজি ৩০ টাকা দরে উন্নত মানের চাল পাওয়া যাচ্ছে।
এর আগেও রাজ্যের সরকার উৎসবের মরসুমে রাজ্যবাসীদের ওপর থেকে খরচের বোঝা কমাতে সমবায় কেন্দ্রগুলোর মাধ্যমে এ ধরনের বিশেষ খাদ্য সামগ্রীর প্যাকেজ চালু করেছিল। ২০০ টাকার বর্তমান প্যাকেজটিকে সেই প্রচেষ্টারই একটি সংযোজন হিসেবে দেখা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য উৎসবকে আরও আনন্দময় ও চাপমুক্ত করে তুলবে বলে আশা করা যায়।